ঋণের চাপে দোকানির আত্মহত্যা!
জেলার কমলনগরে এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকার চাপে হারুনুর রশিদ নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। গতকাল সোমবার (১০ জুন) সকালে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোম্পানির রাস্তার মাথায় নিজের চা দোকান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের লোকজন জানায়, হারুন চারটি এনজিও (প্রিজন বাংলাদেশ, ব্রাক ব্যাংক, উত্তরণ ও আশা) থেকে বিভিন্ন মেয়াদে প্রায় চার লাখ টাকা ঋণ নেন। এছাড়া ব্যক্তিগতভাবে ধার-দেনায় ছিলো। কিস্তির টাকা নিয়ে মেয়ের বিয়ে ও দোকানের কাজে লাগায়।
হারুনের স্ত্রী বিবি কুলছুম জানান, চারটি সংস্থা থেকে ঋণের বিপরীতে প্রতি মাসে ৩৫ হাজার ৫০০ টাকা কিস্তি পরিশোধ করতে হয়। দোকানের স্বল্প আয়ে কয়েক মাস কষ্ট করে কিস্তির টাকা পরিশোধ করলেও চলতি মাসে পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ে। এ মাসে কিস্তির টাকা পরিশোধের কয়েকটি তারিখ পার হয়ে গেলেও টাকা জোগাড় করতে পারেননি তার স্বামী। এতে এনজিও কর্মীরা চাপ দিচ্ছিলেন। তাদের চাপ ও লোকলজ্জার ভয়ে নিজ দোকানের ফ্যানের সঙ্গে গলায় রশি লাগিয়ে তার স্বামী আত্মহত্যা করেছে।
তিনি বলেন, আমার সব শেষ হয়ে গেছে। এসব ঋণ কিভাবে পরিশোধ করব? আমাদের দুজন নাবালক ছেলে সন্তানদের কিভাবে মানুষ করব?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।