উপকারী সবজি ব্রোকলি চাষে ভৈরবে কৃষকদের উৎসাহ
কিশোরগঞ্জ সংবাদদাতা:
ভৈরব উপজেলায় পুষ্টিগুণে সমৃদ্ধ ব্রোকলি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এই এলাকায় প্রথমবারের মতো ব্রোকলি চাষ করে সফলতা পেয়েছেন কালিকা প্রসাদের আতকাপাড়া গ্রামের কৃষক বোরহান মিয়া। তার সফলতা দেখে অন্য কৃষকরাও পরামর্শ নিয়ে ভবিষ্যতে ব্রোকলি চাষে আগ্রহ প্রকাশ করেছেন।
কৃষক বোরহান মিয়া জানান, কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় মাত্র ১০ হাজার টাকার খরচে বিদেশি সবজি ব্রোকলি চাষ শুরু করেন। বর্তমানে বাজারে ব্রোকলির চাহিদা থাকায় প্রতি পিচ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি আশা করছেন মোট বিক্রি ৮০ হাজার থেকে ১ লাখ টাকার মতো হবে।
এছাড়া ভৈরবের আরেক কৃষক কবির মিয়া বাহারী রঙের ফুলকপি চাষ করে লাভবান হয়েছেন। কম খরচে ভালো ফলন এবং বাজারে চাহিদা থাকায় প্রতি পিচ ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তাদের সফলতা দেখে এলাকার অন্যান্য কৃষকরাও ব্রোকলি ও রঙিন ফুলকপি চাষে আগ্রহ দেখাচ্ছেন। কৃষি বিভাগ মনে করছে, এই ধরণের সবজির চাষ জেলার ভৈরব উপজেলায় কৃষিতে এক নতুন ধারা তৈরি করতে পারে।
এই ব্যাপারে, ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়নের আওতায় ও কৃষি অফিসের সহযোগিতায় চলতি বছরে ভৈরবে তিনটি ইউনিয়নে ব্রোকলি ও রঙিন ফুলকপি চাষ করা হয়েছে। ফলন ও বাজার মূল্য ভালো হওয়ায় অন্যান্য কৃষকরাও এগিয়ে আসছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।