আমার ড্রাইভার লাইসেন্স নিতে ৭ বার ছুটি নিয়েছেন
গাড়িচালকদের লাইসেন্স নিতে বারবার বিআরটিএতে যাওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, আমার ড্রাইভার একটা লাইসেন্স নিতে সাতবার ছুটি নিয়েছেন।
দায়িত্ব পাওয়ার পর গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রথম অফিসে এসে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। তিনি একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
বিআরটিএ’র সেবা নিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হয়- এ বিষয়ে উপদেষ্টা বলেন, আমার ড্রাইভার একটা লাইসেন্স নিতে সাতবার ছুটি নেন। একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য সাতবার কেন ছুটি নেবেন? আমার তো একটা মাত্র গাড়ি। আমি কোথায় যাবো? এটার কারণ হচ্ছে, তারা তো জনপ্রত্যাশা জানতেন না।
তিনি বলেন, একটা লোককে আপনি একটা টেস্ট নিতে পারেন। এটা ভ্যালিড, না হলে তো আপনি সড়কে দুর্ঘটনা ঘটাবেন। একদিন সাবমিশন, আরেক দিন টেস্ট, আরেকদিন পাবেন। এই তিনদিনের বেশি আপনাকে সময় দেওয়া যাবে না।’
এ সময় পাশে থাকা বিআরটিএ’র কর্মকর্তা উপদেষ্টার উদ্দেশে বলেন, এখন স্যার আমাদের ৯৫ শতাংশ সেবা অনলাইনে দেওয়া হয়।
তখন উপদেষ্টা বলেন, অনলাইন, অনলাইন এগুলো বলবেন না। আমাকে এটা বলে সাহায্য করেন যে, একটা ড্রাইভিং লাইসেন্স পেতে কতদিন লাগে। কতবার যেতে হয়। এখন একটা অজুহাত শুরু হয়েছে অনলাইন, কম্পিউটার।
উপদেষ্টা বলেন, আমার ড্রাইভারকে সাতদিন যেতে হলো এটার উত্তর আপনি কী দেবেন’ তখন ওই কর্মকর্তা বলেন, অনেকেই বিভিন্ন জনের সহযোগিতা নেয়।
এরপর ফাওজুল কবির খান বলেন, কয়টা লাইসেন্সের আবেদন পেয়েছেন, কতদিনের মধ্যে নিষ্পত্তি হয়েছে, আবেদন গ্রহণের তারিখ এবং ডেলিভারি দেওয়ার তারিখ- আপনি এটা সচিবকে দেবেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।