আমন ধানের সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন
মাঠজুড়ে শুধু সবুজ আর সবুজ ধানের চারা। যে দিকেই চোখ যায় শুধু সবুজের সমারোহ। ফসলের মাঠ যেন সবুজ চাদরে ঢাকা। নরসিংদীতে বিস্তীর্ণ এলাকাজুড়ে নজর কাড়ছে আমনক্ষেত। চারদিকে এক নয়নাভিরাম দৃশ্য। কৃষকের আগামীর সোনালি স্বপ্ন লুকিয়ে আছে সবুজ ধানক্ষেতের মাঝে।
মাঠে মাঠে হাওয়ায় দুলছে আমন ধানের সবুজপাতা, আর আনন্দে দুলছে কৃষকদের মন। কৃষকের মনে উঁকি দিচ্ছে এক ভিন্ন আমেজ। সবুজ ঘেরা রোপা আমনের মাঠ দেখে বারবার ফিরে তাকায় কৃষক, থমকে দাঁড়ায় পথিক। আর কয়েক দিনের মধ্যেই সোনালী ধানের শীষে ঝলমল করবে মাঠের পর মাঠ। রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষকের শূন্য গোলা। পাশাপাশি কৃষকের মুখে ফুটে উঠবে হাসি। এবার বর্ষা মৌসুমের শুরু থেকেই বৃষ্টি না হওয়ায় রোপা আমন লাগাতে কৃষকদের বিড়ম্বনায় পড়তে হয়। আষাঢ় মাসের মাঝামাঝিতে আমন ধান চাষ করার নিয়ম থাকলেও বৃষ্টি না হওয়ায় তা করতে পারেননি কৃষকরা। ধান রোপণে বিপাকে পড়তে হয় কৃষকদের। দেরিতে বৃষ্টি হলেও ইতোমধ্যে আমন রোপণ লক্ষ্যমাত্রার শতভাগ ছাপিয়ে অতিরিক্ত আরও ১০ হেক্টর জমিতে চাষাবাদ বেশি করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আরও জানায়, নরসিংদী জেলায় ৭ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে প্রণোদনা স্বরূপ সার ও বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রকল্পের আওতায় সার, বীজ ও রোগবালাই কীটনাশক ওষুধ বিতরণ করা হয়েছে।
রায়পুরা উপজেলার আমিরগঞ্জ এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ এলাকায় আমন ধানের মাঠে সবুজের সমারোহ। প্রতিটি ক্ষেতে ধানের শীষ উঁকি দিচ্ছে। কৃষকরা তাদের ধানের জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
আমিরগঞ্জ গ্রামের প্রান্তিক কৃষক আব্দুল রশিদ বলেন, এ বছর আমি ৪ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছি। এমন সুন্দর ধানের চারা দেখে আমার মনটা খুশিতে ভরে উঠেছে। হাসনাবাদ গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, মাঠ পর্যায়ে কৃষি বিভাগের লোকদের পরামর্শ নিয়ে আমরা উপকৃত।
বিশেষ করে নরসিংদী সদর উপজেলা এবং রায়পুরা উপজেলার চরাঞ্চলের কৃষকের নিচু জমিগুলো আমন ধানের ওপর নির্ভরশীল। চরাঞ্চলের কৃষকের সঙ্গে আলাপ করে জানা যায়, বাজারে ধানের পর্যাপ্ত মূল্য না থাকায় তারা হতাশ। এক বিঘা জমিতে ধান উৎপাদনে যে পরিমাণ অর্থ ব্যয় হয় এবং যে পরিশ্রম করা হয় সে তুলনায় ধানের মূল্য পাচ্ছেন না কৃষকরা। ফলে অনেক চাষি তাদের জমিতে ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।