আন্দোলনে ভোগান্তি -গণবিজ্ঞপ্তি দিয়েই দায়সারা পুলিশের
এনজিও ব্যবসায়ী ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর থেকে দেশজুড়ে বিশৃঙ্খলা, অপরাধ দিনে দিনে বেড়েই চলছে। একের পর এক দাবি-দাওয়া ও আন্দোলনের মুখে পড়েছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে।
ভোগান্তি নিরসনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হলেও আন্দোলনকারীরা তা মানছে না। নিষিদ্ধ স্থানেই বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, কতটা সফলতার মুখ দেখছে ডিএমপির দেওয়া গণবিজ্ঞপ্তি।
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান অবরোধের কারণে যানজট ছড়িয়ে পড়ে নগরীর বিভিন্ন এলাকায়। গণপরিবহনে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান যাত্রীরা। অনেককে গণপরিবহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে।
পরিবহন শ্রমিকরা বলছেন, প্রতিদিন এভাবে সড়ক অবরোধের কারণে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। কাজে এলেও দিন শেষে খালি হাতে ফিরতে হচ্ছে। ফলে বাসের মালিককে খরচের টাকা দিতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।
গাবতলী লিংক পরিবহনের একটি বাসের চালকের সহকারী আবির বলেন, ‘প্রতিটা দিন রোডে বের হলেই আন্দোলনে আটকা পড়তে হয়। একটা দিন তো ঠিকমতো গাড়ি চালাতে পারি না। সারাদিন এভাবে আটকে থেকে দিন শেষে মালিককে দেওয়ার টাকা হয় না। আমাদেরও তো পরিবার আছে। আমরা কীভাবে চলবো’
নিষিদ্ধ স্থানে বারবার সভা-সমাবেশের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, আমরা আন্দোলনকারীদের বারবার অনুরোধ করছি তারা যেন নিষিদ্ধ স্থানে রাস্তা বন্ধ করে আন্দোলন করে জনদুর্ভোগ সৃষ্টি না করে। সবাইকে একটু সহনশীল এবং সংযত আচরণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।