আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপিই ফাঁদে পড়েছে -ওবায়দুল কাদের
আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপিই ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নিজেরাই আন্দোলন করছে, আবার নিজেরাই আন্দোলন ভ-ুল করছে। সেদিন তারা নিজেরাই নিজেদের আন্দোলন বন্ধ করেছে। আমাদেরকে ফাঁদে ফেলতে গিয়ে তারা নিজেরাই ফাঁদে পড়ে গিয়েছে।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘পুলিশ হত্যা থেকে শুরু করে সাংবাদিকদের ওপর আক্রমণ। পুলিশের ওপর আক্রমণ, বাসের মধ্যে গাড়ির হেলপারকে পুড়িয়ে মারা, পুলিশ হাসপাতালে গিয়ে হামলা চালানো এসব দায় মির্জা ফখরুলসহ বিএনপির কোনো নেতা কি এড়াতে পারেন। যদি বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হয়, একজনও এড়াতে পারবেন না। নেতাদের নির্দেশেই এসব অপকর্ম হয়েছে। সন্ত্রাস হয়েছে। কানাডার আদালত যথাযথই বলেছে, এটি একটি সন্ত্রাসী সংগঠন।’
১২টি রাষ্ট্র বাংলাদেশ থেকে পোশাক নিতে অনিচ্ছুক প্রকাশ করেছে সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এসব গুজব।’
দেশের বর্তমান পরিস্থিতিতে দুদলের সংলাপের কোনো সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সন্ত্রাসের সঙ্গে কোনো সংলাপ হয় না। তারা সন্ত্রাসী দল, বিএনপি আগুন সন্ত্রাসী দল তার প্রমাণ তারা গত ২৮শে অক্টোবর আবার করেছে। এই সন্ত্রাসী দলের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না, সংলাপের পাঠ শেষ। এক সময় বলেছিলাম, বিএনপিকে চার দফা দাবি তুলে নিতে। তারপর আমার বিবেচনা করব সংলাপের বিষয়ে। এখন বিএনপির যা করেছে সেক্ষেত্রে সংলাপের আর কোনো পরিবেশ নেই।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।