১২ বছরে হাওড় উন্নয়নে কাজ হয়েছে মাত্র ১ শতাংশ!
নিজস্ব প্রতিবেদক:
হাওড় নিয়ে সরকারের নেই কোনো উল্লেখযোগ্য পরিকল্পনা। গত ১২ বছরে হাওড়ের পরিকল্পনায় কাজ হয়েছে মাত্র ১ শতাংশ। এতে হুমকির মুখে পড়েছে দেশের পানিসম্পদ।
দেশের উত্তর-পূর্বাঞ্চল তথা কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাক্ষণবাড়িয়া মিলে এ সাত জেলার প্রায় ৮.৫৮ লাখ হেক্টর জমি নিয়ে হাওড় অঞ্চল গঠিত। যা দেশের মোট আয়তনের প্রায় এক-পঞ্চমাংশ। দেশের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে হাওড়ের রয়েছে বিশাল প্রভাব।
পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশে ছোট-বড় ৪১৪টি হাওড়, পুকুর-ডোবা ও পানিভূমি রয়েছে। পানিমহাল রয়েছে ২৮ হাজার। বিল রয়েছে ৬ হাজার ৩০০। এ বিপুল সংখ্যক হাওড়, বাঁওড় ও পানিভূমি হারিয়ে যাচ্ছে পলি জমে। শুধু পলি নয়- পাথর, বালিকণা জমেও ভরাট হয়ে পড়ছে। এক হিসেবে দেখা গেছে, প্রতিবছর এক বিলিয়ন মেট্রিক টন পলি পড়ে দেশের নদী ও পানিধারগুলো ভরাট হয়ে যাচ্ছে।
সরকার দেশের হাওড়, বাঁওড় ও পানিভূমি উন্নয়নে ২০১২ থেকে ২০৩২ সাল পর্যন্ত ২০ বছরের একটি মাস্টারপ্ল্যান করেছে। অথচ সেই মাস্টারপ্ল্যানের কাজ গত ১২ বছরে মাত্র এক শতাংশ বাস্তবায়ন হয়েছে।
অন্যদিকে হাওড়ের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১২টি মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের নিয়ে ২৩ সদস্যবিশিষ্ট একটি জাতীয় কমিটিও করা আছে। কমিটিকে প্রতি ৩ মাস অন্তর একটি সভা করে কাজের অগ্রগতি জানানোর কথা। কিন্তু সেই কমিটি ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত মাত্র একটি সভা করেছে। এতে হাওড়, বাঁওড় ও পানিভূমি উন্নয়নের লক্ষ্যে যে কার্যক্রম হাতে নেয়া হয়েছিল তা বেশি অগ্রসর হয়নি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।