সরকারিভাবে ঘৃণা এবং প্রতিহিংসার রাজনীতি প্রোমোট করা হচ্ছে -জিএম কাদের
সরকার নিজেদের ইচ্ছেমতো দেশের মানুষকে ফ্যাসিবাদের পক্ষের ও বিরুদ্ধ শক্তি হিসেবে দাঁড় করিয়ে ঘৃণা ও প্রতিহিংসার রাজনীতির চর্চা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ অভিযোগ করেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, তারাই নাকি আন্দোলন করেছে, আর কেউ করে নাই। এখন তাঁরা যাদেরকে বলবেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আর যাদের বলবেন ফ্যাসিবাদের দোসর, তারাই ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদ। এভাবে নিজেদের ইচ্ছায় দেশকে ভাগ করেছেন। ফ্যাসিবাদের দোসরদের ঘৃণা করেন, প্রতিহিংসা নেন, তাদের বিরুদ্ধে লেগে যান, ঘরবাড়ি, বিল্ডিং ভেঙে দেন। এই ধরনের রাজনীতি সরকারিভাবে প্রোমোট করা হচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে কাদের বলেন, এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই। এই সরকার নিরপেক্ষ কি না, এটা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। এই সরকার বৈষম্য করছে। স্থিতিশীলতা চাইলে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে।
এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজন নেই। এসব নির্বাচিত সরকারের কাজ। নির্বাচনের পর যারা আসবেন, তারাই সংস্কার করবেন। এখনই সংস্কারের হাত না দেওয়া ভালো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।