সবচেয়ে খরুচে রমজান এবার!
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২২ মার্চ, ২০২৩ খ্রি:, ০৮ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
পবিত্র রমাদ্বান শরীফ মাস সহনশীলতার মাস। অথচ এবার দ্রব্যমূল্যের রেকর্ড নিয়ে শুরু হচ্ছে রমজান মাস। তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম আকাশছোঁয়া। ব্রয়লারসহ সব ধরনের গোশতের দাম অধিকাংশ মানুষের নাগালের বাইরে। পণ্যের দাম নিয়ে অস্বস্তিতে সাধারণ মানুষ। তারা বলছেন, এবার হতে চলেছে দেশের সর্বকালের খরুচে রমজান।
আন্তর্জাতিক বাজার পর্যালোচনা করে দেখা যায়, বিশ্বব্যাপী রমজানে পণ্যের দাম কমে। ব্যতিক্রম বাংলাদেশ। সাধারণত রমজান এলেই এদেশে বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। কয়েক বছর ধরে চালু হয়েছে নতুন প্রবণতা। ঠিক রমজানের কাছাকাছি সময়ে নয়, দু-এক মাস আগেই পণ্যের দাম বাড়িয়ে রাখেন ব্যবসায়ীরা। যাতে নতুন করে রমজানের সময় খুব বেশি বাড়াতে না হয় কিংবা বাড়ানোটা চোখে না পড়ে।
চলতি বছরও এক-দেড় মাস ধরে রোজায় বেশি ব্যবহৃত পণ্য খেজুর, ছোলা, ডাল, চিনি ও সয়াবিন তেলের দাম বাড়তি। একই সঙ্গে বেড়েছে মাছ, গোশত, ডিম, বিভিন্ন ধরনের ফল ও ইফতারের অন্য উপকরণের দামও।
বাজার তথ্য বলছে, এখন খোলা চিনির দাম ১১৫-১২০ টাকা কেজি ছুঁয়েছে, যা গত বছরের রমজানে ছিল ৮০ টাকার মধ্যে। অর্থাৎ, চিনির ক্ষেত্রে ভোক্তার খরচ বেড়েছে ৪৮ শতাংশ। যদিও সরকার নির্ধারিত চিনির দাম ১০৭ টাকা, কিন্তু এ দামে ক্রেতারা কিনতে পারছেন না কোথাও।
একই অবস্থা তেলের ক্ষেত্রেও। খোলা সয়াবিন ১৬৭-১৭২ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে, যা গত রমজানে ১৪০ টাকার কমে পাওয়া যেত। বোতলজাত সয়াবিনের দাম প্রায় একই সময়ের ব্যবধানে ২০ টাকা বেড়ে এখন ১৮৫ থেকে ১৮৭ টাকায় কিনতে হচ্ছে। অর্থাৎ দাম বেড়েছে ১০ শতাংশের বেশি।
আবার বাজারে ইরাকের জাহেদি খেজুর (বাংলা খেজুর) ছাড়া ভালো মানের কোনো খেজুর ৪শ টাকার নিচে কেনা যাচ্ছে না।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি বলছে, গত বছরের চেয়ে চলতি বছর খেজুরের দাম ২০ শতাংশ বেশি। বর্তমানে বাজারে ১৫০ থেকে ৪৫০ টাকা দরে খেজুর পাওয়া যাচ্ছে, যা গত বছর ১০০ টাকা পর্যন্ত কম ছিল। যদিও বাজারে এখন টিসিবির দামে খেজুর পাওয়া যায় না।
বাজারে ছোলা ও অ্যাংকর ডাল কিনতে গুনতে হচ্ছে যথাক্রমে ১৩.৩৩ ও ৩১.৮২ শতাংশ বেশি। এ দুই পণ্যের দাম বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। বেড়েছে সব ধরনের আমদানি ফলের দামও। বাজারে মানভেদে আপেলের দাম ২৫০-৩২০ টাকা, গত বছর ছিল ১৫০-২৩০ টাকা। বিভিন্ন ধরনের মাল্টা ও কমলা মিলছে ২০০-৩০০ টাকায়, গত বছর যা ছিল ১৪০-২২০ টাকার মধ্যে।
অন্যদিকে গত সোমবার (২০ মার্চ) প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৩০ টাকা। এখন ব্রয়লার মুরগির দাম সর্বকালের সর্বোচ্চ। রমজান শুরুর কারণে বেশ কয়েক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম বাড়তে বাড়তে এখন প্রতি কেজি প্রায় স্বাভাবিক দামের চেয়ে ১২০ থেকে ১৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। মাসখানেক আগেও প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। এখন ২৮০-২৯০ টাকা।
এদিকে চিনি, তেল ও মুরগির গোশতের মতো গরুর গোশত, খাসির গোশত, মাছ, ডিম, খেসারি ডাল, সুগন্ধি চাল, অধিকাংশ শাক-সবজি, আদা-রসুনসহ অন্য মসলা, ফলমূলের দামও গত কয়েক সপ্তাহের ব্যবধানে উল্লেখযোগ্যহারে বেড়েছে।
এসব বিষয়ে আবুল কালাম নামে একজন শিক্ষক বলেন, সরকার রমজানের আগে নানা প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু বরাবরের মতো আমরা কোনো সুফল পাইনি। এখন প্রায় সব পণ্যের দাম ইতিহাসের সর্বোচ্চ। এ বিষয়ে সব তদারকি ও জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, এ অবস্থায় আমাদের মতো হিসাবে সংসার চালানো মানুষ এখন দিনে রোজা রাখবে। রাতেও না খেয়ে রোজা থাকবে। তাতে কারও কিছু যায় আসবে না।
বর্তমান বাজারদর নিয়ে জানতে চাইলে সেগুনবাগিচা বাজারে মহিন জেনারেল স্টোরের আবু হোসেন বলেন, রোজার মাসে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি সমালোচনা এড়াতে কোম্পানিগুলো রমজানের অনেক আগেই দাম বাড়িয়ে রেখেছে। রমজানের পণ্যের দাম বিগত সব সময়ের মধ্যে বেশি।
গত রোববার (১৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় অত্যাবশ্যকীয় দ্রব্যমূল্য মনিটরিং সেলের প্রতিবেদনে জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় গতবারের তুলনায় এবার রোজায় ভোগ্যপণ্যের চাহিদা ১৫ থেকে ২০ শতাংশ কম থাকবে। কিন্তু দেশে এখন কোনো পণ্যের চাহিদার ঘাটতি নেই। বরং বাড়তি রয়েছে।
সভা শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে, আমাদের যা প্রয়োজন তার মিনিমাম দেড়গুণ মজুত রয়েছে। ক্রেতাদের প্যানিক হওয়ার মতো কোনো কারণ নেই। প্যানিক হয়ে কেউ কিনতে যাবেন না। আমরা যেভাবে কিনি, সেভাবে কিনবো। যথেষ্ট মজুত আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












