সন্দেহ ও বাস্তবতার ফারাক, হামের প্রকৃত রোগচিত্রে অস্পষ্টতা
নিজস্ব প্রতিবেদক:
হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে এসেছে-সন্দেহজনক রোগীর সংখ্যা এবং নিশ্চিত সংক্রমণের মধ্যে রয়েছে বড় ব্যবধান।
গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট ১৫ হাজার ৬৫৩ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২ হাজার ৬৩৯ জন। অর্থাৎ, প্রায় ১৬.৮৬ শতাংশ রোগীর হাম শনাক্ত হয়েছে। প্রায় ৮৩.১৪ শতাংশ রোগী উপসর্গ নিয়ে এলেও তারা হামে আক্রান্ত নয়।
মৃত্যুর ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা গেছে। মোট ১৫১ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর কথা বলা হলেও নিশ্চিতভাবে হামের কারণে মৃত্যু হয়েছে মাত্র ২৮ জনের। বাকি ১২৩ জনের মৃত্যুর প্রকৃত কারণ প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
হাসপাতালভিত্তিক তথ্য বিশ্লেষণে স্বস্তির চিত্র পাওয়া যায়। মোট ১০ হাজার ২২৫ জন ভর্তি রোগীর মধ্যে ৭ হাজার ৬৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যা প্রায় ৭৪.৮৮ শতাংশ। তবে মোট সন্দেহজনক ১৫ হাজার ৬৫৩ জন রোগীর তুলনায় এই হার প্রায় ৪৮.৯১ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, অনেক রোগী হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতেই চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে, যা এই পরিসংখ্যানে প্রতিফলিত হয়নি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।