লে. কর্নেল রেদোয়ান-মেজর রাফাতসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর রামপুরায় জুলাই-আগস্ট মাসে ২৮ জনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধ মামলায় লে. কর্নেল রেদোয়ানুল ইসলাম, সাবেক মেজর রাফাত বিন আলম, পুলিশের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং সাবেক ওসি মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী ৪ ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ট্রাইব্যুনাল-১-এ বিচারক শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দু’জন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করে।
সকালে সেনা হেফাজতে থাকা রেদোয়ানুল ও রাফাত বিন আলমকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্র পক্ষ থেকে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জুলাইয়ে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ৩০ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ২৭ নভেম্বর ধার্য করা হয়েছে। একই ট্রাইব্যুনালে চানখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছেন আসামিপক্ষের আইনজীবীরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।