রাষ্ট্রায়ত্ত কারখানার অব্যবহৃত ১০,৩০৬ একর জমি সব ব্যবসার জন্য উন্মুক্ত করতে যাচ্ছে সরকার
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানার অব্যবহৃত জমি শুধু একই ধরনের শিল্পের কাজে ব্যবহার করার বাধ্যবাধকতা তুলে দেয়ার পরিকল্পনা করছে সরকার। এর ফলে ১০ হাজার ৩০৬ একর জমিতে অর্থনৈতিকভাবে লাভজনক যেকোনো বাণিজ্যিক বা উৎপাদনমুখী উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
'ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬'-এর ৪৮ ধারার অধীনে লোকসানি রাষ্ট্রীয় সম্পদের বাণিজ্যিক ব্যবহারসংক্রান্ত খসড়া নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। নির্দেশিকাটি পর্যালোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মকর্তারা আশা করছেন, এ উদ্যোগের প্রথম ধাপে আগামী বছরের মে থেকে জুনের মধ্যে ছয় থেকে সাতটি সরকারি কারখানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা হবে।
পুনরুজ্জীবিত করার সম্ভাবনা বিবেচনায় নিয়ে পাঁচটি রাষ্ট্রায়ত্ত করপোরেশনের অধীন ৪৪টি বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠান চিহ্নিত করেছে সরকার। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত জমির পরিমাণ প্রায় ১০ হাজার ৩০৬ একর। নীতিমালাটি কার্যকর হলে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে পর্যায়ক্রমে এসব জমি বেসরকারি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
জমির ব্যবহার সম্প্রসারণে নতুন নীতিমালা
বিদ্যমান ব্যবস্থায় সাধারণত কোনো কারখানার অব্যবহৃত জমি একই ধরনের শিল্পের কাজে ব্যবহারের কথা বিবেচনা করা হয়। প্রস্তাবিত নীতিমালায় এ বাধ্যবাধকতা শিথিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে জমির অবস্থান, অবকাঠামো, বাণিজ্যিক সম্ভাবনা ও অর্থনৈতিক উপযোগিতা বিবেচনায় বিনিয়োগকারীরা সেখানে অন্য শিল্প বা বাণিজ্যিক উদ্যোগ গড়ে তোলার প্রস্তাব দিতে পারবেন।
উদাহরণস্বরূপ, পুরোনো চিনিকলের জমি যে চিনিশিল্পের কাজেই ব্যবহার করার বাধ্যবাধকতা থাকবে না। তবে সরকার নির্দিষ্ট কোনো প্রকল্পে বিশেষ শিল্প বা খাতকে অগ্রাধিকার দিতে পারবে। দরপত্রের শর্তে এ ধরনের অগ্রাধিকারের বিষয়টি উল্লেখ করা হবে এবং দরপত্র মূল্যায়নের সময় তা বিবেচনায় নেওয়া হবে।
গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নীতিমালার সর্বশেষ খসড়া পর্যালোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেওয়া মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে পাঁচ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত মতামত ও পর্যবেক্ষণ জমা দিতে বলা হয়। এসব মতামত অন্তর্ভুক্ত করে খসড়াটি চূড়ান্ত করা হবে। এরপর আইনগত যাচাই ও প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হবে।
নাহিয়ান রহমান রচি বলেন, 'লোকসানি রাষ্ট্রায়ত্ত সম্পদ ও প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে ব্যবহারের নির্দেশিকা জারির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জনসাধারণ এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি খাতের অংশীজনদের মতামত অন্তর্ভুক্ত করে তৈরি করা খসড়াটি পর্যালোচনা করা হয়েছে।'
পাঁচ করপোরেশনের অধীনে ৪৪টি প্রতিষ্ঠান:
চিহ্নিত ৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের অধীনে ১২টি, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের অধীনে চারটি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের অধীনে ১০টি, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের অধীনে ১৩টি এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনের অধীনে পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে।
নতুন করে জমি অধিগ্রহণ ও শিল্প অবকাঠামো নির্মাণে ব্যয় না করে বিদ্যমান জমি, কারখানা, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ এবং অন্যান্য সুযোগ-সুবিধা আবার উৎপাদনশীল কাজে ব্যবহার করাই সরকারের লক্ষ্য।
দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহ দিতে প্রকল্পের ধরন অনুযায়ী ২৫ থেকে ৩০ বছর বা তার বেশি সময়ের জন্য ব্যবস্থাপনা ও জমি ব্যবহারের ব্যবস্থা করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
এসব সম্পদের মধ্যে চিনিশিল্প, বস্ত্র, পাট, কাগজ, রাসায়নিক, প্রকৌশল, চামড়া, সার ও কাচ উৎপাদনসহ বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।
সবচেয়ে বেশি ৩ হাজার ৮৬০.৫০ একর জমি রয়েছে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলে। এ ছাড়া ঠাকুরগাঁও চিনিকলে ২ হাজার ৮৮৭.০২ একর এবং রাঙামাটির কর্ণফুলী পেপার মিলসে ৫০১.৭৮ একর জমি রয়েছে।
চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিকানাধীন ১২২.৯৬ একর জমির উল্লেখযোগ্য অংশ অব্যবহৃত রয়েছে। সেখানে আধুনিক ও পরিবেশবান্ধব ট্রান্সফরমার উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনা দেখছে সরকার।
টঙ্গীতে অবস্থিত অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের ৯.৬২ একর জমির প্রায় ৬৪ শতাংশই খালি। বৈদ্যুতিক মোটরসাইকেলের ক্রমবর্ধমান বাজারের সুযোগ কাজে লাগাতে সেখানে উৎপাদন সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক মাসের মধ্যেই ফের পরীক্ষা দিতে পারবে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যরা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিম ভাজি না দেয়ায় ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যা!
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আধিপত্য বিস্তার নিয়ে বিচ্ছিন্নতাবাদী দুই পক্ষের গোলাগুলি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাসের হার ৫২.১২%; ২২ বছরের মধ্যে সর্বনিম্ন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিনিদের সুর বদলে গেছে’, ভ্যান্সের চিঠি প্রসঙ্গে রেজাই
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরঃ নতুন ঘূর্ণিঝড়ের নাম প্রকাশ, আঘাত হানতে পারে কখন-কোথায়
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












