মেয়াদপূর্তির পরও টাকা ফেরত পাচ্ছেন না প্রায় ১০ লাখ বিমা গ্রাহক
তারল্য সংকটের কারণে দেশের ২৯ জীবন বিমা প্রতিষ্ঠান অর্থ পরিশোধ না করায় অন্তত ১০ লাখ গ্রাহকের বিমা দাবি নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।
দেশের বিমাখাত নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্য অনুসারে, ২০২৩ সালের জুন পর্যন্ত চার বছরে গ্রাহকদের দুই হাজার ৭০ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে দেশের বিমা প্রতিষ্ঠানগুলো। এটি মোট বিমা দাবির ৪০.৪২ শতাংশ।
একই সময়ে আরও মোট তিন হাজার ৫০ কোটি টাকার বিমা দাবি অমীমাংসিত অবস্থায় রয়েছে।
বিমা আইন ২০১০ অনুসারে, পলিসির মেয়াদ পূর্ণ হওয়ার পর প্রতিষ্ঠানের কাছে সব কাগজপত্র জমা দেওয়ার ৯০ দিনের মধ্যে বিমা দাবি নিষ্পত্তি করতে হবে।
গত ১২ অক্টোবর এক বৈঠকে দেশের বিমা প্রতিষ্ঠানগুলোকে ডিসেম্বরের মধ্যে সব বিমা দাবি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আইডিআরএ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাইন উদ্দিন বলেন, 'বিমা কোম্পানি সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়ে গেলে ভালো কোম্পানিগুলোর জন্যও ব্যবসা চালানো এবং টিকে থাকা কঠিন হয়ে যাবে।'
তিনি আরও বলেন, 'বকেয়া বিমা দাবি পরিশোধের জন্য ইডরা তিন বিমা প্রতিষ্ঠানকে সম্পত্তি বিক্রির নির্দেশ দিয়েছে। এটি ভালো উদ্যোগ। তবে এ ক্ষেত্রে সম্পত্তি বিক্রির প্রক্রিয়া বেশ দীর্ঘ।'
সরকার কঠোর ব্যবস্থা না নিলে এ খাত ভালো অবস্থানে ফিরবে না বলেও মন্তব্য করেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম মনে করেন, সময় মতো বিমা দাবি নিষ্পত্তি না হওয়া দুর্ভাগ্যজনক।
তিনি বলেন, 'এর ফলে মানুষ ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে টাকা রাখার ব্যাপারে আস্থা হারাবে। সামগ্রিকভাবে আর্থিক খাত বড় ধাক্কা খাবে।'
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।