মব জাস্টিসের প্রভাব বাড়ছে, বলছে ৭১% তরুণ -সানেম জরিপ
নিজস্ব প্রতিবেদক:
দেশের ৭১.৫ শতাংশ তরুণ মনে করেন, মব জাস্টিসের ঘটনা দিনে দিনে বেড়ে চলেছে এবং এটি আমাদের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলছে। এমন তথ্যই উঠে এসেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত এক সাম্প্রতিক জরিপে।
'ইউথ ইন ট্রানজিশন: ন্যাভিগেটিং জবস, এডুকেশন, অ্যান্ড চেঞ্জিং পলিটিক্যাল সিনারিও পোস্ট জুলাই মুভমেন্ট' শীর্ষক এই জরিপে অংশ নেওয়া তরুণদের মধ্যে ১৫.১ শতাংশ ছিলেন নিরপেক্ষ। তারা কোনো মত দেননি। আর ১৩.৪ শতাংশ মনে করেন দৈনন্দিন জীবনে মব জাস্টিস প্রভাব ফেলছে না।
১৫ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার তরুণ-তরুণীর অংশগ্রহণে পরিচালিত জরিপটিতে মোট ১৭টি কেস স্টাডি অন্তর্ভুক্ত করা হয়, যাতে তরুণদের অভিজ্ঞতা ও মতামতের বিভিন্ন দিকগুলো উঠে আসে।
সামাজিক ও রাজনৈতিক নানা ইস্যু দৈনন্দিন জীবনে কীভাবে প্রভাব ফেলছে, তা জানার জন্য জরিপে বিভিন্ন প্রশ্ন রাখা হয়। আগুন লাগানো, ডাকাতি ও চুরির মতো ঘটনার প্রসঙ্গে ৮০.২ শতাংশ উত্তরদাতা উদ্বেগ প্রকাশ করেছেন; ১২.১ শতাংশ নিরপেক্ষ এবং ৭.৭ শতাংশ একমত নন।
রাজনৈতিক সহিংসতা ও ক্যাম্পাসে সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৪৬.৭ শতাংশ উত্তরদাতা। আর রাজনৈতিক পক্ষপাতদুষ্ট গ্রেপ্তার ও মামলার কারণে দৈনন্দিন জীবনে প্রভাব পড়ছে বলে মনে করেন ৫৬.২শতাংশ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।