ভারতে রেকর্ড ভাঙ্গলো তাপদাহ,তাপমাত্রা ৫২.৩ ডিগ্রী: প্রতি ঘণ্টায় ১ জনের মৃত্যু
আল ইহসান ডেস্ক:
ভারতের বিহার রাজ্যের আওরঙ্গবাদ হাসপাতালে দুই ঘণ্টার মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই তাপ প্রবাহজনিত বিভিন্ন অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছিলো বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
আওরঙ্গবাদ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে, উচ্চ তাপমাত্রায় বিভিন্ন অসুস্থতায় আক্রান্ত অন্তত ৩৫ জন রোগী ভর্তি হয়েছে।
বেশ কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহের মধ্যে যাচ্ছে বিহার। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এতটাই বেশি যে ৮ জুন পর্যন্ত রাজ্যের সব সরকারি-বেসরকারি স্কুল, কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র গরমে বহুসংখ্যক শিক্ষার্থী অজ্ঞান হয়ে যাওয়ার পর গত ২৯ মে এই নির্দেশ জারি করে রাজ্য সরকার।
জানা গেছে, অতিরিক্ত তাপমাত্রায় শেইখপুরা জেলার একটি সরকারি স্কুলের অন্তত ১৬ জন ছাত্রী জ্ঞান হারায়। তাদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেইখপুরার মতো বেগুসারাই ও জামুই জেলাতেও শিক্ষার্থীদের অজ্ঞান হয়ে যাওয়া খবর পাওয়া যায়।
ভারতের আবহাওয়া বিভাগ বিহারে দুই দিনের জন্য তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।