বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (২)
পারিবারিক জীবন:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ফুফাত ভাই হযরত যুবাইর বিন আওওয়াম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে হযরত আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার বিবাহ হয়। হিজরতের পর তিনি মদীনা শরীফে চলে আসলে এখানেই পারিবারিক জীবন যাপন করতে থাকেন।
কিন্তু হযরত যুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সংসার ছিল হিসাবী সংসার। সাংসারিক কাজে সাহায্যের জন্য কোন গোলাম-বাঁদী ছিল না। থাকার মধ্যে ছিল একটি ঘোড়া ও একটি উট। এইগুলির দেখাশুনা করতে হতো হযরত আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকেই।
হযরত আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বলেন, আমি একবার সেই ভূখ-ে ছিলাম, যা বনু নাদ্বীরের ভূমি থেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত আবূ সালামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত যুবাইর বিন আওওয়াম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদেরকে দান করেছিলেন। হযরত যুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে (সম্ভবতঃ কোন জিহাদে) চলে গেলেন। আমাদের এক প্রতিবেশী ছিল। সে একটি ছাগল জবাই করল। ইহা রান্না করা হলে, আমি এর ঘ্রাণ পেলাম। এই ঘ্রাণ আমার নিকট খুব চমৎকার বোধ হলো, কারণ আমি তখন সন্তান সম্ভাবা ছিলাম। আমার মেয়ে খাদীজা আমার পেটে ছিলেন। সেজন্য রান্না করা গোশতের ঘ্রাণ তীব্রভাবে অনুভব করলাম। সুতরাং আমি সেই প্রতিবেশী মহিলার নিকট বাতিতে আগুন ধরানোর অজুহাতে গেলাম, যেন সে উহা থেকে কিছু খেতে দেয়। কিন্তু মহিলা আমার উদ্দেশ্য বুঝতে পারেনি। অতঃপর আমি ঘরে ফিরে আসলাম এবং মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করতে লাগলাম।
অতঃপর সেই মহিলার স্বামী ঘরে এসে জিজ্ঞাসা করল, বাইরে থেকে কেউ কি এসেছিলেন? সে বলল, হাঁ, একজন আরবী মহিলা বাতিতে আগুন ধরানোর জন্য এসেছিলেন।
তখন সে বলল, আমি এ গোশত খাব না, যে পর্যন্ত না তুমি এখান থেকে কিছু গোশত উক্ত মহিলার নিকট না পাঠাও। অগত্যা সে আমার নিকট এক পাত্র রান্না করা গোশত প্রেরণ করল। সে সময় আমার নিকট এই খাদ্য অপেক্ষা অধিকতর আশ্চর্যজনক কোন বস্তু পৃথিবীতে ছিল না। (হায়ছামী, তাবারানী, হায়াতুছ ছাহাবা)
হযরত আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি এক সময় উনার আহাল বা স্বামীর থেকে জুদা হয়ে যান। আহাল থেকে জুদা হওয়ার পর তিনি উনার পুত্র হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট চলে আসেন এবং শেষ জীবন পর্যন্ত উনার সঙ্গেই থাকেন।
হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার মাতার অত্যন্ত খেদমত গুজার ছিলেন। তিনি উনার আহাল বা স্বামী থেকে জুদা হওয়ার পরও উনার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। উষ্ট্রের যুদ্ধে উনার আহাল বা স্বামী শহীদ হলে তিনি উনার জন্য দুঃখিত ও শোকাভিভূত হয়েছিলেন।
-আল্লামা সাঈদ আহমদ গজনভী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।