‘নিষিদ্ধ না হওয়া পর্যন্ত জামাত সভা-সমাবেশ করার অধিকার রাখে’
জামাতসহ যেকোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না হওয়া পর্যন্ত সভা-সমাবেশ করার অধিকার রাখে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জামাতের সমাবেশ করার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, যেকোনো রাজনৈতিক দল সমাবেশ করতে পারে। যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হয়, তারা সভা-সমাবেশ করার অধিকার রাখে। জামাত তো নিষিদ্ধ দল নয়।
হাছান মাহমুদ বলেন, গত শনিবার সমাবেশে থেকে জামাত নেতারা যে বক্তব্য দিয়েছে, সেগুলো আসলে বিএনপির বক্তব্য। সমাবেশ থেকে জামাত নির্বাচন প্রতিহত করার কথা বলেছে। যেমনটা করে তারা ২০১৪ সালে শত শত মানুষ পুড়িয়ে হত্যা করেছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এমন পরিস্থিতি পুনরাবৃত্তি করতে দেবে না। তাদের (জামাত) সুযোগ দিলে তারা কী করতে পারে, সেটি গতকাল তাদের বক্তব্যে পরিষ্কার হয়েছে। এটি পরিষ্কার করারও প্রয়োজন ছিল।
আওয়ামী লীগের এই নেতা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের বাকি মাত্র ৬ মাস। এ সময় সব রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ করাটা স্বাভাবিক। কিন্তু বিএনপি-জামাতের উদ্দেশ্য তা নয়। তথ্যমন্ত্রী বলেন, আমরা চাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।