দেশে দেশে সম্পদের খোঁজ, পাচারের অর্থ ফেরাতে চতুর্মুখী তৎপরতা
অন্তর্বর্তী সরকার বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনতে জোরালো উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের কাছে সহায়তা চাওয়া হয়েছে।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, অস্ট্রেলিয়া, কানাডা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতসহ আরো যেসব দেশে বাংলাদেশের মন্ত্রী-এমপি, আমলারা অবৈধভাবে অর্থ পাচার করে জমি, ফ্ল্যাট কেনাসহ নামে-বেনামে বিভিন্ন কম্পানি গড়ে তুলেছে, তাদের তথ্য সংগ্রহ ও পাচারকৃত সম্পদ ফিরিয়ে আনতে সরকারি দপ্তরগুলো মাঠে নেমেছে।
কয়েকটি দেশে চিঠিও পাঠিয়েছে আর্থিক গোয়েন্দা ইউনিট-বিএফআইইউ।
এ লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করার কথাও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সূত্রগুলো জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে দেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়টি। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, এখনো পর্যন্ত যে দেশগুলোর কাছে কূটনৈতিক প্রক্রিয়ায় চুরি যাওয়া সম্পদ ফেরত আনতে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা তার মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল সম্প্রতি ঢাকায় তার সঙ্গে দেখা করলে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে দেশটির সরকারের সহায়তা চান প্রধান উপদেষ্টা।
এ ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ-সম্পদ ফেরত আনার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে ওই দেশগুলোতে বাংলাদেশিদের অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে ফ্রিজ করার জন্য কূটনৈতিক কার্যক্রম শুরু করেছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধি নিয়ে টাস্কফোর্স গঠন করে, ওই টাস্কফোর্সের মাধ্যমে অর্থ ফেরত আনার পরবর্তী প্রক্রিয়া শুরু করার বিষয়েও অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউকে নির্দেশনা দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, কয়েকটি বড় গোষ্ঠী মিলে দেশের ব্যাংকিং খাত থেকে দুই লাখ কোটি টাকার মতো বিদেশে পাচার করেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী লন্ডনে ৩৬০টা বাড়ি কিনেছে। তার ভাইও নাকি সমপরিমাণ বাড়ি কিনেছে। দুবাই, নিউ ইয়র্কের ম্যানহাটন, সিঙ্গাপুর, মালয়েশিয়ায়ও বাড়ি আছে। এ সম্পদগুলো কিভাবে ফিরিয়ে আনতে পারি সেই চেষ্টা করছি আমরা।
গভর্নর বলেন, কিছু অর্থ বিভিন্ন গোষ্ঠী জালিয়াতির মাধ্যমে নিয়ে গেছে, সেগুলো তো আমরা সহজে আনতে পারব না। সে ক্ষেত্রে আমাদের সম্পদ উদ্ধার কার্যক্রম চালাতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।