দেশে অবৈধ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ১ হাজার ২৮৫
সারা দেশে ১ হাজার ২৮৫টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সন্ধান পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব প্রতিষ্ঠান বন্ধে এই তালিকা শিগগিরই মাঠ প্রশাসনকে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য কর্মকর্তাদের তদারকির অভাবেই এত দিন ধরে এসব চলেছে। এখন শুধু বন্ধ করলেই হবে না, মাঠ পর্যায়ে নজরদারিও জোরদার করতে হবে।
উচ্চ আদালতের নির্দেশে, গত সপ্তাহে সারা দেশের অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তথ্য চায় স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগীয় কর্মকর্তাদের দেওয়া তথ্যে দেখা গেছে, সবচেয়ে বেশি ৪১৫টি অবৈধ প্রতিষ্ঠান ঢাকা বিভাগে। এরপরই ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনার অবস্থান।
ময়মনসিংহ বিভাগে অবৈধ প্রতিষ্ঠানের সংখ্যা ২৫২, চট্টগ্রাম বিভাগে ২৪০ আর খুলনা বিভাগে রয়েছে ১৫৬ টি অবৈধ প্রতিষ্ঠান। এছাড়াও রংপুর বিভাগে ১১১, রাজশাহী বিভাগে ৫৫, বরিশাল বিভাগে ৪৮ এবং সিলেট বিভাগে মিলেছে ৮টি অবৈধ প্রতিষ্ঠান।
অভিযোগ রয়েছে, অবৈধ বেশিরভাগ প্রতিষ্ঠানেই রোগী দেখেন সরকারি চিকিৎসকরা।
স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (হাসপাতাল) ডা. মঈনুল আহসান বলেন, ‘এই কপিটা আমরা জেলা পর্যায়ে মাঠ প্রশাসনকে দেবো। তারা স্থানীয় জেলা প্রশাসক বা ম্যাজিস্ট্রেটদের মধ্যে সমন্বয় করে তালিকা ধরে বন্ধ করানোর ব্যবস্থা করাবো। আইনের ফাকেই তারা বের হয়ে আসে। আমি চিন্তা করছি তাদের বন্ধ করব কিন্তু তারা যদি পুনরায় আইনের মাধ্যমে ফিরতে চায়, এই ক্লিনিকগুলোকে আমি অত্যন্ত কঠোরভাবে দেখব। ’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।