ক্যান্টিন মালিকের দাড়ি ছিঁড়ে বহিষ্কার সেই ছাত্রলীগ নেতা
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
বকেয়া টাকা দাবি করায় ক্যান্টিন মালিকের দাড়ি ছিঁড়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার হলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মাস্টার দ্য সূর্যসেন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন অভি। সে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
এর আগে গত সোমবার দুপুরে হলের ক্যান্টিন মালিকের সাথে বকেয়া টাকা নিয়ে হাতাহাতির এক পর্যায়ে ক্যান্টিন মালিক ফাহিম হোসেনের দাড়ি ছিঁড়ে ফেলে অভি। এ ঘটনায় হল প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিলে তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন হল প্রভোস্ট প্রফেসর জাকির হোসেন।
সূর্য সেন হলের প্রভোস্ট প্রফেসর ড. জাকির হোসেন ভূইয়া বলেন, এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ও সূর্যসেন হলের সিনিয়র হাউজ টিউটর আজহারুল ইসলামকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তিন দিনের মধ্যে তাদেরকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।