কাগজপত্র যাচাইয়ের কারণে সহায়তা দিতে দেরি হচ্ছে -সারজিস
নিজস্ব প্রতিবেদক:
কাগজপত্র যাচাইয়ের কারণে নিহত ও আহতদের স্বজনদের আর্থিক সহায়তা দিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস। রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
সারজিস বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমআইএস থেকে পাওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, শহীদের সংখ্যা ৮২৬ জন। এরমধ্যে ৬২৮ জনের পরিবারকে ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। আর ১৯৮ জন শহীদের পরিবারের কাছে সহায়তা পৌঁছানো বাকি আছে।
তিনি বলেন, ওই তালিকায় আহতদের সংখ্যা ১১ হাজার ৩০৬ জন। এরমধ্যে এক হাজার ৬০১ জনকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। আহতদের সহায়তা প্রদানে বিলম্ব কেন? এর ব্যাখ্যায় সারজিস কয়েকটি প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তিনি বলেন, এমআইএস তালিকাটি করেছে জেলা প্রশাসনের মাধ্যমে। বার বার যাচাই করা হচ্ছে তালিকা। এমন কেস পাওয়া যাচ্ছে, যারা আন্দোলনের সময় আহত হলেও আন্দোলনকারী ছিলেন না। এমআইএস-এর তালিকা ও ফাউন্ডেশনের তালিকার মধ্যে সমন্বয় করা হচ্ছে। ফাউন্ডেশনের যেসব আবেদন আসছে, আমরা সেগুলো যাচাই করছি। যাদের নাম এমআইএস তালিকায় আছে এবং ফাউন্ডেশনে আবেদন করেছেন, তাদের যাচাই করে সহায়তা দেয়া হচ্ছে। প্রয়োজনীয় নথি না থাকলে সহায়তা পেতে অনেক ক্ষেত্রে সময় লাগছে। হাসপাতাল থেকে ছাড়পত্রের প্রমাণ সঙ্গে থাকতে হবে।
অনেকের হাসপাতালের ছাড়পত্রের কাগজ, প্রত্যয়নপত্র নেই বলে যাচাই করে তাদের আর্থিক সহায়তা দিতে দেরি হচ্ছে বলে জানান সারজিস। তিনি বলেন, ফাউন্ডেশনে মোট ৩৫ জন কাজ করছেন। এতদিন আমরা শহীদদের পরিবারকে সহায়তা দেয়া নিয়ে বেশি কাজ করেছি। এখন আমাদের প্রায়োরিটি থাকবে আহতদের সহায়তা দেয়া।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।