এক দশকে কুরবানি পশুর চাহিদা বেড়েছে ৭৯ শতাংশ
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে প্রতি বছর পশু কুরবানি দাতার সংখ্যা বাড়ছে। গত এক দশকে কুরবানির পশুর চাহিদা বেড়েছে ৭৯ শতাংশ। ১০ বছর আগে জেলাজুড়ে ৫ লাখ পশু কুরবানি হতো, এবারের ঈদুল আজহায় কুরবানির চাহিদা ধরা হয়েছে প্রায় ৯ লাখ। সাম্প্রতিক বছরগুলোতে চট্টগ্রাম অঞ্চলে পশু পালনের হার বৃদ্ধি পাওয়ায় স্থানীয় পশুর জোগান দিয়ে চাহিদা পূরণ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, চট্টগ্রামে ২০১১ সালে ৩ লাখ ৮৭ হাজার পশু কুরবানি দেওয়া হয়। পরের তিন বছর যথাক্রমে ৪ লাখ ৫৬ হাজার, ৪ লাখ ৬০ হাজার, ৪ লাখ ৮৭ হাজার পশু কুরবানি হয়। আর ২০১৫ সালে কুরবানি হয় ৫ লাখ পশু। পরের বছরগুলোতেও বাড়তে থাকে কুরবানির হার। ২০২৪ সালে জেলা ও মহানগরে ৮ লাখ ১৮ হাজার পশু কুরবানি হয়। চলতি বছর চট্টগ্রামে ৮ লাখ ৯৬ হাজারের বেশি পশু কুরবানি হতে পারে বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।
চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর বলেন, চাহিদা বাড়লেও পশুর সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। পশু পালনের হার বেড়েছে। এবার ৮ লাখ ৬০ হাজারের বেশি পশু স্থানীয় খামারিদের কাছে মজুত আছে। ফলে ঘাটতি মাত্র ৩৫ হাজার ৩৭৮টি। এ ঘাটতি আশপাশের জেলাগুলো থেকেই পূরণ হয়ে যাবে। এ ছাড়া উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকেও বাজারে পশু আসবে।
খামারিরা বলছেন, এবার পশুখাদ্য, ওষুধসহ অন্যান্য সামগ্রীর দাম বাড়তি। তাই বেশি দামে পশু বিক্রি করতে না পারলে লোকসান গুনতে হবে।
মিরসরাইয়ের ওয়াহেদপুর এলাকার খামারি হুসাইন বিন আজাদ বলেন, বাজারে সবকিছুর দাম বাড়তি। তাই দাম কিছুটা বাড়তি হতে পারে। যদি উত্তরাঞ্চল থেকে অতিরিক্ত পশু আসে, স্থানীয় খামারিরা লোকসানে পড়বেন।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।