ইমরান খানকে ঠেকাতে কঠোর পদক্ষেপ, উল্টো বিপদে পড়তে পারে পাকিস্তান
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি এবং তার দল পিটিআইয়ের প্রাদেশিক সরকার স্থগিত করেছে কেন্দ্রীয় সরকার। ইমরানের মুক্তির দাবিতে সমর্থকদের ধারাবাহিক বিক্ষোভের মধ্যে নেয়া এ পদক্ষেপে জনজীবন ব্যাহত হয়েছে ব্যাপকভাবে। বিশ্লেষকদের আশঙ্কা, বিরোধীদের দমনে সরকারের এই কঠোর অবস্থান পরিস্থিতি শান্ত করার বদলে পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, স্কুল বন্ধ। আংশিকভাবে ইন্টারনেট সেবাও বন্ধ। পণ্যবাহী কনটেইনার দিয়ে করে রাখা হয়েছে সড়ক অবরোধ। আর শহরে প্রবেশ করছে সেনাবাহিনী।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রদেশটিতে তার দলের নেতৃত্বাধীন সরকারকেও স্থগিত করা হয়েছে। ইমরান খানের সমর্থক ও পাকিস্তান রাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র রূপ নিয়েছে। এতে পরিস্থিতির উন্নতির বদলে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের দাবি, সংবিধান অনুযায়ী নেয়া এই পদক্ষেপের উদ্দেশ্য সন্ত্রাসবাদের হুমকি থেকে প্রদেশের মানুষকে সুরক্ষা দেয়া। গত রোববার সাংবাদিকদের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘পিটিআইয়ের খাইবার পাখতুনখাওয়া সরকার সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছিল।’
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি বা কোনো প্রমাণও দেননি। অবশ্য শিগগিরই প্রমাণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এর দুই দিন পরও এ বিষয়ে তার কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পেশোয়ারসহ প্রদেশের বেশির ভাগ এলাকায় স্কুল খুলেছে এবং ইন্টারনেট সেবাও চালু হয়েছে।
পুলিশ কাউকে আটক করার বিষয়টি নিশ্চিত না করলেও বিক্ষোভ ঠেকাতে যে ধরপাকড় চলছে, তা স্পষ্ট। প্রদেশে পিটিআইয়ের অধিকাংশ নেতা আত্মগোপনে চলে গেছেন। মঙ্গলবার খাইবার জেলার বারায় রাস্তায় নামেন পিটিআইয়ের কয়েক ডজন সমর্থক। প্রাদেশিক মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নিজ শহর এটি। সেখানে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের খবর পাওয়া গেছে।
অনেক পর্যবেক্ষকের মতে, রোববার জরুরি অবস্থা জারির ঘোষণা দেয়ার সময়টি মোটেও কাকতালীয় নয়। গত এক সপ্তাহ ধরে ইমরান খানের হাজার হাজার সমর্থক খাইবার পাখতুনখাওয়া প্রদেশজুড়ে মিছিল করছেন। প্রদেশটিতে গত ১৩ বছর ধরে ক্ষমতায় রয়েছে পিটিআই। তাদের দাবি, ইমরান খানকে মুক্তি দিতে হবে।
চ্যাথাম হাউসের সহযোগী গবেষক ফারজানা শেখ বলেন, ‘উদারভাবে ব্যাখ্যা করতে গেলে বলতে হয়, (জরুরি অবস্থা জারির) বিষয়টি আন্তরিক বলে মনে হয়নি।’
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আরিফা নূরের ভাষায়, ‘সন্ত্রাসবাদের সঙ্গে এর সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না। এমনকি দীর্ঘ পদযাত্রাটিই এর কারণ কি না, তা নিয়েও আমি নিশ্চিত নই। হয়তো সেটিই ছিল শেষ ধাক্কা। আবার এমনও হতে পারে, বিরোধী দলের হাতে সরকার থাকা অবস্থায় আর বিষয়টি সামলাতে চায় না সরকার।’
ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি নিজেই। তবে তিনি এখন কোথায় আছেন, তা রহস্যই রয়ে গেছে। তার দল বলছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে সরকারের দাবি, তাকে নিরাপত্তামূলক হেফাজতে রাখা হয়েছে।
বিবিসি বলছে, পদযাত্রা শুরুর আগেই ধরপাকড় শুরু হয়েছিল। ইমরান খানের তিন বোনকে গত সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়। সমর্থকদের সংগঠিত করাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে। এরপর থেকে তারা আটক রয়েছেন।
গত এক বছরে ইমরান খানের সঙ্গে তার পরিবারের সদস্য ও আইনজীবীদের খুব কমই দেখা হয়েছে। আগস্টে তার দুই বোন তার সঙ্গে দেখা করেছিলেন। তাদের একজন কারাগারে গিয়ে দেখা করেন। অন্যজন হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা চলার সময় দেখা করেন। ইমরানের স্বাস্থ্য নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করার পর তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। পরে আবার তাকে কারাগারে ফেরত পাঠানো হয়। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি কারাবন্দি।
পিটিআইপ্রধান ইমরান খান সম্পর্কে ব্যাপকভাবে ধারণা করা হয় যে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর সঙ্গে বিরোধের জেরেই তিনি ক্ষমতা হারিয়েছেন। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন। দুর্নীতির একাধিক মামলায় তার সাজা হয়েছে। তবে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
দলটি এমনিতেই দুর্বল হয়ে পড়েছে। তাহলে কর্তৃপক্ষ কেন এমন কঠোর পদক্ষেপ নিল?
আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ গবেষক মাইকেল কুগেলম্যান বলেন, ‘ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় সাম্প্রতিক মাসগুলোতে পিটিআইয়ের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা ক্রমেই বেড়েছে।’
তিনি বলেন, ‘সম্ভবত এখনই দলটিকে কঠোর বার্তা দেয়ার সময় বলে মনে করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকারের ওপর চাপ সৃষ্টি করা যাতে তাদের জন্য আরও কঠিন করে তোলা যায়।’
এর আগে সরকার অভিযোগ করেছিল, কারাগারে সাক্ষাতের সুযোগকে রাজনৈতিক আলোচনা চালানোর কাজে ব্যবহার করে ইমরান খান কারাবিধি লঙ্ঘন করছেন। জরুরি অবস্থা নিয়ে আতাউল্লাহ তারার বলেছেন, ‘এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তারা চাইলে পদযাত্রা চালিয়ে যেতে পারত।’
সিদ্ধান্ত নেয়ার আগে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, এতে প্রমাণ হয় যে সরকার আলোচনার চেষ্টা করেছিল।
তবে অন্যদের ধারণা, ইমরান খান ও তার দলকে চাপে রাখার এটি আরেকটি প্রচেষ্টা। আরিফা নূর বলেন, ‘মতবিরোধ বা ভিন্নমত সহ্য করার জায়গা সরকারের ক্রমেই সংকুচিত হচ্ছে। যেকোনো ধরনের সংঘাত থেকে আলোচনার মাধ্যমে বেরিয়ে আসারও আগ্রহ তাদের নেই।’
ইসলামাবাদভিত্তিক লেখক ও প্রতিরক্ষা বিশ্লেষক জাহিদ হোসেনের মতে, এই সিদ্ধান্তের পেছনে কারা রয়েছে, তা স্পষ্ট। তিনি বলেন, ‘ক্ষমতার ভারসাম্য পুরোপুরি সামরিক নেতৃত্বের দিকে চলে গেছে।’
ফারজানা শেখ মনে করেন, পাকিস্তানের সামরিক বাহিনী এখন আত্মবিশ্বাসী। কারণ, তাদের ধারণা, হোয়াইট হাউসের সঙ্গে তাদের সম্পর্ক ভালো। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় ভূমিকা রাখার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করছে তারা।
তিনি বলেন, ‘তাদের অবস্থান এখন অনেকটা এমন—এটাই সুযোগ, কাজে লাগাতে হবে। তাদের মনে হচ্ছে, সব তাসই তাদের হাতে। আন্তর্জাতিক পর্যায়ে তারা পরিস্থিতি সামলে নিতে পারবে।’
তবে পাকিস্তানকে একসঙ্গে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। দেশটিতে জঙ্গি তৎপরতা বাড়ছে। ২০২৬ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদে আক্রান্ত দেশ হিসেবে পাকিস্তান প্রথম স্থানে রয়েছে।
দুটি প্রতিবেশী দেশের সঙ্গেও পাকিস্তানের বিরোধ চলছে। আফগান তালেবান সরকার জঙ্গিগোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে—এমন অভিযোগে পাকিস্তান বারবার আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে কাবুল। এদিকে ভারতের সঙ্গে দীর্ঘদিনের চলমান সংঘাতও সামান্য উসকানিতে আবার তীব্র হয়ে উঠতে পারে।
এরই মধ্যে হুতিদের বিরুদ্ধে সংঘাত আরও বিপজ্জনক হয়ে ওঠায় সৌদি আরবকে হামলা থেকে রক্ষায় সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান।
একটি সমস্যার সমাধান না করে জরুরি অবস্থা জারি করায় দেশটির সামনে আরও চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন কেউ কেউ। এতে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ার ঝুঁকি রয়েছে। কারণ, প্রাদেশিক সরকারকে মাঝখানে রেখে কেন্দ্রীয় সরকার এত দিন দায় এড়ানোর সুযোগ পেত। এখন সেই প্রাদেশিক সরকারই স্থগিত হওয়ায় ইসলামাবাদকে সরাসরি দায়িত্ব নিতে হবে।
মাইকেল কুগেলম্যান বলেন, ‘আমার মনে হয়, এই পদক্ষেপ হিতে বিপরীত হতে পারে। আপনারা আগুন নিয়ে খেলছেন। এই সিদ্ধান্ত যদি সেখানকার বহু মানুষের ক্ষোভ ও অসন্তোষ আরও বাড়িয়ে দেয়, তাহলে আপনাদের সামনে বড় সমস্যা তৈরি হবে।’
জাহিদ হোসেন বলেন, ‘দেশটি যে একাধিক বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে, তা বিবেচনায় নিলে এটি দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত।’ তার আশঙ্কা, পাকিস্তানের অন্যান্য অংশেও এ ধরনের ক্ষমতা প্রয়োগ করা হতে পারে।
ফারজানা শেখের মতে, জঙ্গিবাদ মোকাবিলায় সেনাবাহিনীর আরও সক্রিয় অভিযান চালানোরও ঝুঁকি রয়েছে। তিনি বলেন, ‘এ ধরনের অভিযান চালাতে হলে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রাণহানির ঝুঁকিও মেনে নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’
প্রাণহানি উল্লেখযোগ্য মাত্রায় পৌঁছালে সামরিক বাহিনীর ভেতরেই নানা প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন তিনি।
সামরিক অভ্যুত্থানের দীর্ঘ ইতিহাস রয়েছে পাকিস্তানের। অতীতে নির্বাচিত সরকার—প্রাদেশিক কিংবা জাতীয়—সরিয়ে দেয়ার ঘটনা শেষ পর্যন্ত উল্টো ফল বয়ে এনেছে, এমন নজিরও রয়েছে।
আরিফা নূর বলেন, ‘কেন্দ্রীয় সরকারে থাকা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতারা নিশ্চয়ই বোঝেন, এসব পদক্ষেপের কিছু ভবিষ্যতে তাদের জন্যই বিপদ ডেকে আনতে পারে।’
তিনি আরও বলেন, ‘একইভাবে আমার মনে হয়, পিটিআইও বুঝতে পারছে, বিক্ষোভ করে ইমরান খানকে মুক্ত করা তাদের পক্ষে সম্ভব হবে না। এই সংকটের সবচেয়ে দুর্ভাগ্যজনক দিক হলো, কী ঘটতে যাচ্ছে, তা জেনেও আমরা সেই পথেই এগোচ্ছি। সবাই বুঝতে পারছে, এটি যেন এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দিকে এগিয়ে যাওয়া। তবু কোনোভাবে তা থামানো যাচ্ছে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতার তাগিদ মাভাবিপ্রবি উপাচার্যের
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিমান চলাচলে বিঘ্ন, সৌদি আরবে আটকা ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১০ মামলা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অর্থপাচার ঠেকাতে ব্যর্থতার অভিযোগ, মার্কিন ব্যাংককে প্রায় ১৫ হাজার কোটি টাকা জরিমানা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা হাসপাতালে চিকিৎসাধীন
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত্যাহার
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতির মেয়াদ বাড়ানোর সুবিধা বাতিল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্ত্রীসহ সাবেক ডিএমপি কমিশনার ফারুকের সম্পত্তি ক্রোকের নির্দেশ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্যাবিনেটে অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তর শুরু
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আইন আছে, প্রয়োগ নেই; হাত বাড়ালেই মিলছে ফর্মুলা দুধ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি উড়াল রেলপথ, ব্যয় ৮৪ হাজার কোটি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেয়ার একটি ধ্রুপদি উদাহরণ’ -হাইকোর্ট
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












