আলুবোখারর বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
ফরিদপুর সংবাদদাতা:
বোয়ালমারীর কৃষি উদ্যোক্তা হাবিবুর রহমান। বিভিন্ন ফসল ও সবজির পাশাপাশি বিদেশি ফল আলুবোখারার বাগান করেছেন। এতেই তিনি সফলতা লাভ করেছেন। আলুবোখারার বাগান করে রীতিমতো তিনি সফল। সব খরচ বাদেও তিনি এরই মধ্যে খরচের কয়েকগুণ টাকা লাভবান হয়েছেন।
বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোকনাথ গ্রামের মৃত মকসেদ মোল্লার ছেলে হাবিবুর রহমান বাড়ির পাশে মসলাজাতীয় বিদেশি ফল আলুবোখারার চাষ করে এলাকায় রীতিমতো সাড়া ফেলেছেন। তার বাগান দেখে এখন অনেকেই আগ্রহী হচ্ছেন। দূর-দূরান্ত থেকে মানুষ আসছে তার বাগান দেখতে। নিচ্ছেন পরামর্শ।
হাবিবুর রহমানের ছেলে জহির রহমান বলেন, ‘বাগানটা আব্বুর সাথে দেখাশোনা করি। প্রথমদিকে আব্বু যখন চারাগুলো কৃষি অফিস থেকে এনে রোপণ করেন, আমি আর আম্মু মনে করতাম আব্বু কী গাছ রোপণ করছেন। বছর দুই পরে ফল এলো। আস্তে আস্তে গাছে গাছে ফল বাড়লো; তখন ভালো লাগা ধরলো। তবে প্রথমদিকে আব্বু পরিচর্যা বুঝতে না পেরে বেশ কয়েকটি গাছ তুলে ফেলে সবজি চাষ করেন। সাতটি গাছ রেখে দেন। এখন গাছগুলোতে প্রচুর ফল ধরেছে। এর চাহিদাও ব্যাপক। প্রতি কেজি ৭০০-৮০০ টাকা বিক্রি হচ্ছে।
কৃষি উদ্যোক্তা ও বাগান মালিক হাবিবুর রহমান বলেন, কয়েক বছর আগে কৃষি অফিস থেকে প্রশিক্ষণের মাধ্যমে ২৫টি আলুবোখারার গাছ পেয়েছিলাম। বাড়ির পাশের কৃষিজমিতে গাছগুলো রোপণ করি। রোপণের এক বছর পর না বুঝে অনেকটা রাগ করে ১৮টি গাছ কেটে ফেলি। বর্তমানে বাগানে সাতটি গাছ আছে।
হাবিবুর রহমান আরও বলেন, গাছ লাগানোর দুই বছর পর থেকে প্রচুর ফল আসতে শুরু করে। বাজারে ৭০০-৮০০ টাকা কেজিদরে বিক্রি করছি। ফল সংরক্ষণ করে বিক্রি করতে পারলে স্থানীয় বাজারে প্রতি কেজি ১ হাজার টাকার বেশি বিক্রি করা সম্ভব। আমার সব খরচ বাদে কয়েকগুণ লাভবান হয়েছি। বাগানে আরও বেশ কয়েক মণ আছে। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে বাগান দেখতে এবং কিনতে লোকজন আসে। এ বছরই বেশি জমিতে বাণিজ্যিক আকারে বাগান তৈরির কার্যক্রম শুরু করেছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।