আমাদের সন্তানদের গুলি করে হত্যা একটি ক্ষমাহীন অপরাধ -বদরুদ্দোজা চৌধুরী
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প-ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আমি দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই আমাদের সন্তানদের গুলি করে হত্যা একটি ক্ষমাহীন অপরাধ। কোনও রাজনৈতিক দোহাই দিয়ে এটাকে গ্রহণযোগ্য করার কোনও সুযোগ নেই।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বদরুদ্দোজা চৌধুরী বলেন, আমি দেশের সুশীল সমাজ, সকল পেশাজীবী এবং সর্বস্তরের জনসাধারণকে ছাত্রদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী যে আন্দোলনের সূচনা করেছে তা গত ১৬ জুলাই থেকে একটি দুঃখজনক রক্তক্ষয়ী ঘটনা প্রবাহের জন্ম দিয়েছে যা এখনো বিরাজমান। গোটা জাতি রক্তাক্ত এবং শোকে মুহ্যমান।
বি চৌধুরী বলেন, এ কথা বিশ্বাস করতে কষ্ট হয় যে আমাদের নিজেদের দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদেরই সন্তানদের বুক লক্ষ্য করে গুলি ছুড়ছে, শত শত ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণকে হত্যা করেছে। এমনকি ছোট শিশুরাও এই নৃশংস হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি। হাজারো ছাত্র-জনতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই নির্যাতন এখনো চলমান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।