অসুখের সঙ্গে আসে ঋণ, চিকিৎসায় নিঃস্ব পরিবার
, ২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
দেশের বহু রোগীকে অসুখের পাশাপাশি ভুগতে হচ্ছে দারিদ্র্য, ঋণ ও অনিশ্চয়তার সঙ্গে। ক্যানসার, কিডনি রোগ, হৃদরোগ, লিভার সিরোসিস, স্ট্রোক, ডায়াবেটিস ও থ্যালাসেমিয়ার মতো জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগী এবং তাদের পরিবারের জীবনসংগ্রাম অনেক করুণ। চিকিৎসার লাগামহীন ব্যয়ে পুরো পরিবারে নেমে আসছে চরম বিপর্যয়।
চিকিৎসা চালাতে গিয়ে অনেক পরিবার সঞ্চয় হারাচ্ছে, জমিজমা বিক্রি করছে, ঋণগ্রস্ত হচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হলে সংকট আরো গভীর হচ্ছে। ধারাবাহিক চিকিৎসাব্যয়ের চাপে অনেকে ঋণ করেন, জমিজমা বিক্রি করে সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন রোগী ও তাদের পরিবার। এক পরিবারে একাধিক লোকজন অসুস্থ হলে পুরো পরিবারের ওপর চাপ আরো বাড়ে। ফলে কমাতে হচ্ছে খাবার, সন্তানের পড়াশোনা ও অন্যান্য প্রয়োজনীয় খরচ। অর্থাভাবে অনেকে চিকিৎসা পিছিয়ে দিচ্ছেন, কেউ কেউ মাঝপথেই বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এতে রোগ জটিল হওয়ার পাশাপাশি চিকিৎসার ব্যয়ও বাড়ছে। আর এভাবেই বহু পরিবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর্থিক বিপর্যয় ও দারিদ্র্যরে দিকে।
সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর প্রায় ৬১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। দেশের মোট স্বাস্থ্যব্যয়ের প্রায় ৭৯ শতাংশই বহন করেন রোগী ও তাদের পরিবার। অর্থাৎ, চিকিৎসায় প্রতি ১০০ টাকার মধ্যে ৭৯ টাকা আসে রোগীর পকেট থেকে। বর্তমানে একটি পরিবারের গড় মাসিক চিকিৎসাব্যয় ৩,৪৫৪ টাকা, যা মোট মাসিক ব্যয়ের প্রায় ১১ শতাংশ।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা অনুযায়ী, দেশের ২২ শতাংশ মানুষের প্রতি মাসে চিকিৎসাসেবা প্রয়োজন হলেও তাদের ৬৫ শতাংশই চিকিৎসার বাইরে থাকেন। গ্রামে এ হার ৬৮ শতাংশ, শহরে ৫৯ শতাংশ। পরিবারপ্রতি মাসিক চিকিৎসাব্যয় শহরে গড়ে ৪,১৯২ টাকা, গ্রামে ৩,১০৯ টাকা।
গবেষণায় দেখা গেছে, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের ফি বাবদই ব্যয় হয় সবচেয়ে বেশি। সরকারি হাসপাতালে ভর্তি হয়ে একটি পরিবারের বছরে গড় ব্যয় ৪২ হাজার ৪৮৩ টাকা। এর মধ্যে সার্জারিতে গড়ে ২৬ হাজার ১৪২, ওষুধে ১১ হাজার ২৮৭ এবং শয্যা ভাড়ায় ১০ হাজার ৭৪৩ টাকা ব্যয় হয়।
গবেষণায় আরো দেখা গেছে, সবচেয়ে ধনী শ্রেণির মানুষ আয়ের প্রায় ৫ শতাংশ চিকিৎসায় ব্যয় করলেও দরিদ্র পরিবারের ক্ষেত্রে তা ৩৫ শতাংশ। রোগভেদে ব্যয়ের পার্থক্যও ব্যাপক। ক্যানসার চিকিৎসায় গড় ব্যয় দুই লাখ ২৪ হাজার টাকা, যা সর্বোচ্চ আট লাখ ৪৮ হাজার টাকা পর্যন্ত হতে পারে। হৃদরোগের চিকিৎসায় ব্যয় প্রায় এক লাখ টাকা। ফলে চিকিৎসার ব্যয় দরিদ্র পরিবারের ওপর তুলনামূলকভাবে অনেক বেশি চাপ সৃষ্টি করছে।
রোগী, স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, দক্ষ জনবলের ঘাটতি, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার ব্যয় এবং অব্যবস্থাপনা চিকিৎসার খরচ বাড়াচ্ছে। খরচের ভয়ে অনেকে শুরুতেই চিকিৎসকের কাছে যান না। রোগ জটিল হলে বেড়ে যায় চিকিৎসার ব্যয়ও।
তারা জানান, সরকারি হাসপাতালে গিয়েও অনেক রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে ও পরীক্ষা করাতে হয়। কাক্সিক্ষত সেবা না পেয়ে কেউ কেউ বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থ হন। আবার দীর্ঘমেয়াদি রোগে নিয়মিত ওষুধ, পরীক্ষা ও চিকিৎসা চালিয়ে যেতে হয় বছরের পর বছর। স্বাস্থ্যবীমা ও আর্থিক সুরক্ষার সীমিত সুযোগের কারণে এসব ব্যয় মেটাতে পরিবারগুলোকে সঞ্চয় ভাঙতে কিংবা ঋণ করতে হচ্ছে। অনেকেই প্রয়োজনীয় খরচ কমিয়েও চিকিৎসা চালাতে পারেন না।
অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সাবেক সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. লিয়াকত আলী বলেন, জনসংখ্যার তুলনায় চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীর ঘাটতি রয়েছে। স্বাস্থ্যসেবা শহরকেন্দ্রিক হওয়ায় দেশের অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। অর্থের অভাবে কেউ যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হোন, সে ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ শনাক্তকরণ জোরদার করতে হবে। সরকারি অর্থায়ন বা বীমা ব্যবস্থার মাধ্যমে চিকিৎসাসেবা সহজলভ্য করা গেলে রোগের জটিলতা ও ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন কমানো সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষিখাতেও খেলাপী ঋণের চাপ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটি, বিদ্যুৎ বিভ্রাট
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেসরকারিতেও বদলায়নি রেল
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, লাশ ও রোগী নিতে বিড়ম্বনা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন ফরম্যাটে আবার সক্রিয় আলবাদর বাহিনী -শাহ আলম
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতে পাচার হচ্ছিল ১৫ লাখ টাকার রসুন
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইনে রেলের টিকিট কিনে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসন একাডেমি ও পরিকল্পনা কমিশনে নতুন দায়িত্বে দুই কর্মকর্তা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












