নিষেধাজ্ঞার পর ইলিশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জেলেদের
টানা ২২ দিনের নিষেধাজ্ঞার পর ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। তবে নদীতে ইলিশ পাওয়া নিয়ে জেলেদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
জুমুয়াবার (০৩ নভেম্বর) প্রথম দিনে যে পরিমাণ ইলিশ পেয়ছেন তা নিয়ে তারা চিন্তিত। আশানুরূপ মাছ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেক জেলে।
এদিকে, মাছ ধরা শুরু হওয়ায় ব্যস্ততা বেড়েছে জেলে পাড়ায়। সরগরম হয়ে উঠেছে মাছের আড়ৎ।
ভোলার উপকূলের বিভিন্ন ঘাটে গিয়ে দেখা গেছে, কারো যেন বসে থাকার সময় নেই, সবাই ছুটছেন নদীতে। জেলেদের আহরিত মাছ বিক্রি হচ্ছে আড়তে। জমে উঠেছে কেনাবেচা। জেলে, পাইকার এবং আড়ৎদারদের হাঁকডাকে সরগরম আড়ৎ। এমনি চিত্র ভোলার বিভিন্ন ইলিশের আড়তগুলোয়।
২২ দিনের দীর্ঘ অপেক্ষার পর নদীতে নেমেছেন জেলেরা। প্রথম দিনে যে পরিমাণ মাছ পেয়েছেন তা আড়তে বিক্রি করছেন। জেলেদের স্বপ্ন মাছ বিক্রির টাকায় বিগত সময়ের ধার-দেনা শোধ করে ঘুরে দাঁড়াবেন।
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে প্রথম দিনে ইলিশ আহরণ নিয়ে অনেকেই হতাশ। কয়েকজন জেলে জানান, নিষেধাজ্ঞার পর যে পরিমাণ মাছ ধরা পড়ার কথা সে পরিমাণ পড়ছে না।
উল্লেখ্য, দ্বীপ জেলা ভোলায় ইলিশ ধরার ওপর জীবিকা চলে এমন জেলের সংখ্যা তিন লাখের অধিক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।