বেড়েছে ছিনতাই:
সড়কে রেহাই পাচ্ছেন না সরকারি কর্মকর্তা-পুলিশ সদস্যরাও
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আশির, ১৩৯৩ শামসী সন , ১২ মার্চ, ২০২৬ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারীরা। তাদের সামনে পড়লে চাপাতির কোপ থেকে বাঁচতে নিজের কাছে থাকা সবকিছু দিয়ে দিতে হচ্ছে ভুক্তভোগীদের। যারাই দিতে চাচ্ছেন না তাদের ওপর পড়ছে চাপাতির কোপ। এ থেকে রেহাই পাচ্ছেন না ছিনতাইয়ের কবলে পড়া সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারাও। এমনকি চাপাতির কোপের ভয়ে অস্ত্র পর্যন্ত ছিনতাইকারীর হাতে দিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা। সব মিলিয়ে রাজধানীতে চাপাতি হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছে ছিনতাইকারীরা।
গত শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে তারাবি নামাজ শেষে হাঁটাহাঁটি করছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। এ সময় তিনি ছিনতাইয়ের শিকার হন। তিন ছিনতাইকারী তার আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নেয়। আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে তাকে মারধরও করা হয়। ছিনতাইকারীদের কাছে ধারালো চাপাতি ছিল। এ ঘটনায় মোতাহার হোসেনের স্টাফ কর্মকর্তা জাবেদ হোসেন সজল পরদিন মোহাম্মদপুর থানায় মামলা করেন। পরে মোবাইল ফোন উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।
গত সোমবার (৯ মার্চ) ভোরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় দায়িত্ব পালনের সময় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমানের ওপর হামলা চালায় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী। তারা এএসআইয়ের ব্যবহৃত গুলিভর্তি পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল সাঁড়াশি অভিযান চালিয়ে ওই দিন সন্ধ্যায় মিশাল নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করে। পরে সোমবার দিবাগত রাত পৌঁনে ৩টার দিকে অভিযানকালে মিশালের দেখানো পথে, বন্দর উপজেলার উইলসন রোড এলাকার শরিফ উদ্দিন নামে এক ব্যক্তির বাড়ির সামনে পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার ভেতরে কাপড়ের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ছিনতাই হওয়া পিস্তলটি উদ্ধার করা হয়। এছাড়া একটি চাপাতি, একটি ছোরা এবং একটি বড় চাকু উদ্ধার করা হয়েছে।
শুধু এই ঘটনাগুলো নয়, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে চারিদিকে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। ঈদে শপিং করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর হাতে পড়ার বর্ণনা লেখেন আতিয়া সুলতানা নামে এক নারী। বাংলামোটর ফুটপাত দিয়ে হাঁটার সময় তার হাতে থাকা ব্যাগটি নিয়ে যায় ছিনতাইকারীরা। অল্পের জন্য তিনি ছিনতাইকারীদের হাতে থাকা চাপাতির কোপ থেকে রক্ষা পান বলে জানান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের মূল চত্বরে একটু সামনে চাপাতির কোপের ভয়ে এক প্রবাসীর ভাই তার ব্যাগ দিয়ে দেন ছিনতাইকারীর হাতে। ব্যাগে ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিল।
ভ্যান নিয়ে যাত্রাবাড়ীর দিকে যাওয়ার সময় ফয়জুর রহমান নামে এক বৃদ্ধ জুরাইনের মুন্সিবাড়ী এলাকায় ছিনতাইয়ের শিকার হন। ধারালো অস্ত্রের পোঁচ দিয়ে তার মোবাইল ফোন এবং ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
অভিযোগ রয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই পথচারীরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন।
রাজধানীতে ৪৩২ ছিনতাইপ্রবণ স্থান :
গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীর আটটি ক্রাইম জোনে ৪৩২টি ছিনতাইপ্রবণ স্থান রয়েছে। এসব এলাকায় প্রায় ৯৭৯ জন ছিনতাইকারী সক্রিয়। এর মধ্যে মিরপুর ও তেজগাঁও বিভাগে ৩৮৬ জন, মতিঝিল ও ওয়ারী বিভাগে ২১২ জন, রমনা ও লালবাগ বিভাগে ২১৭ জন এবং উত্তরা ও গুলশান বিভাগে ১৫৪ জন ছিনতাইকারী সক্রিয় রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাইয়ের ঘটনায় ৩০৮টি অভিযোগ দেওয়া হয়।
পুলিশ সদর দফতরের মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে ছিনতাইসহ দস্যুতার ঘটনায় ১৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে রাজধানীতে ২৯টি এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৪২টি মামলা হয়। এছাড়া ফেব্রুয়ারি মাসে ১৩৭টি মামলা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, এসব ছিনতাইয়ের প্রায় ৬৫ শতাংশই মোটরসাইকেল ব্যবহার করে সংঘটিত। এছাড়া প্রায় ২০ শতাংশ ছিনতাই সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এবং বাকি ১৫ শতাংশ ছদ্মবেশে বা কথার ছলে পথচারীদের বিভ্রান্ত করে সংঘটিত হয়।
তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, অপরাধের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ বেশির ভাগ ভুক্তভোগী আইনি ঝামেলা এড়াতে মামলা না করে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অপরাধ বিশ্লেষকদের মতে, রাতের বেলা পুলিশের টহল কম থাকায় ছিনতাইকারীরা সুযোগ পাচ্ছে। বেকারত্ব, মাদকাসক্তি ও স্ট্রিট লাইটের অভাব এবং আইনি দুর্বলতাও ছিনতাই বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
বেসরকারী বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক ড. কুদরাত-ই খুদা বাবু বলেন, যে কোনও উৎসবকে ঘিরে এ ধরনের অপরাধীরা সক্রিয় হয়ে উঠে। তারা পুলিশের অস্ত্র পর্যন্ত ছিনতাই করে। সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তারাও রেহাই পান না।
তিনি বলেন, পুলিশ আগের চেয়ে এখন সক্রিয়, তাদের আরও সক্রিয় হতে হবে। এসব ছিনতাইকারীকে দমন করতে হবে। মানুষের মনে আস্থা আনতে হবে, যেন তারা রাতের বেলাতেও ঘুরতে নিরাপদ মনে করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












