সূর্যমুখীর উপকারিতা
শীত মৌসুম নিয়ে আসে নানা ফসলের সোনালি দিন। কৃষকরা আনন্দসহকারে সে ফসল ঘরে তোলেন। তেমনই কৃষিজাত ফসলটির নাম সূর্যমুখী। বিস্তীর্ণ সূর্যমুখী ফুলের হলদে ভাব দৃশ্যটি যে কারো মনকে আকৃষ্ট করে তোলে অনায়াসে। সারি সারি সূর্যমুখী গাছের ডগায় বড় বড় আকারের ফুল, যেন দিগন্তজুড়ে হলুদের সমারোহ।
সূর্যমুখী চাষ করার পদ্ধতি মোটামুটি সহজ। প্রতি কেয়ার (বিঘা) জমিতে তিন কেজি বীজ, সামান্য সার ও কীটনাশক হলেই পর্যাপ্ত। সবকিছু মিলিয়ে খরচ হয় ২ থেকে তিন হাজার টাকা। ফলন ভালো হলে লাভ খুবই ভালো হয়।
সূর্যমুখী ফুল মানুষের দৈনন্দিন খাদ্য চাহিদা মেটাতে তেল হিসেবেও ব্যবহার হচ্ছে। সূর্যমুখী ভোজ্য তেল হিসেবে গুণগতমানের দিক থেকে বেশ ভালো।
আমাদের দেশে ধীরে ধীরে সূর্যমুখী চাষের চাহিদা বাড়ছে। দৈনন্দিন তেলের চাহিদা মেটাতে সরিষার পাশাপাশি সূর্যমুখী চাষের বিকল্প নেই।
সূর্যমুখী তেলের উপাদান সম্পর্কে জানা যায়, সূর্যমুখী তেল মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে উপকারী ওমেগা ৯ ও ওমেগা ৬, আছে ফলিক অ্যাসিড এবং শতকরা ১০০ শতাংশ উপকারী ফ্যাট। রয়েছে ভিটামিন-ই, ভিটামিন কে মিনারেলের মতো গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। এই তেল সম্পূর্ণ ক্ষতিকারক-কোলেস্টেরলমুক্ত। হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগীর জন্যও সূর্যমুখীর তেল নিরাপদ।