সাগরে গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র
নিজস্ব সংবাদদাতা:
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। গভীর সমুদ্রে ১৫টি এবং অগভীর সমুদ্রে ১১টি ব্লকের দরপত্র জমা দেয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।
দেশী বিভিন্ন পত্রিকার পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে নোটিশ প্রদর্শনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বহুজাতিক কোম্পানিগুলোকে মেইল করে অবগত করা হবে। তবে বিডিং রাউন্ড-২০২৪ এর মতো বিদেশি কোন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছেন পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) প্রকৌশলী শোয়েব।
সর্বশেষ ২০২৪ সালে দরপত্র আহ্বান করলেও কোনো প্রতিষ্ঠানেই জমা দেননি। যে কারণে পরিত্যক্ত করা হয় ২০২৪ এর বিডিং রাউন্ড। সর্বশেষ মডেল পিএসসি-২০২৩ এর আলোকে ২০২৪ সালের মার্চে দরপত্র আহ্বান করা হয়। এতে মার্কিন কোম্পানি এক্সোন মবিলসহ ৭টি আন্তর্জাতিক খ্যাতনামা কোম্পানি দরপত্র কিনেছিল, ২টি কোম্পানি পেট্রোবাংলা থেকে ডাটাও কিনেছিল। রাজনৈতিক পরিস্থিতিসহ নানা কারণে দরপত্র জমাদান থেকে বিরত থাকে।