সুজলা সুফলা বাংলাদেশের মানচিত্রে একটি শক্তিশালী ভূমিকা নিয়ে অবস্থান করছে শালবন। উদ্ভিদ ও প্রাণীকূলের এক বৈচিত্রময় মেলবন্ধন যেন শালবনের গুরুত্ব বাড়িয়ে দেয় বহুগুণ। একটি গবেষনায় দেখা গেছে, বাংলাদেশে মোট শালবন এলাকা প্রায় ১,২১,০০০ হেক্টর অর্থাৎ দেশের বনভূমির শতকরা প্রায় ৩২ ভাগ। পরিমাণের দিক দিয়ে মোটামুটি ব্যাপক হলেও শালবন দেশের মাত্র কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ছড়ানো। বেশির ভাগ বনাঞ্চল রয়েছে গাজীপুর, টাঙ্গাইল ও মোমেনশাহী জেলায়। এ বনাঞ্চল ভাওয়ালের গড় ও মধুপুরের গড় নামে পরিচিত। বৃহত্তর মোমেনশাহী ও টাঙ্গাইলের শালবন এলাকা সবচেয়ে বড়, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর মাঝে উত্তর-দক্ষিণে বিস্তৃত এ বনভূমির দৈর্ঘ্য প্রায় ৯৬ কিমি এবং চওড়া ৮ থেকে ২৪ কিমি। ‘মধুপুর গড়’ নামেই এটি সুপরিচিত। এছাড়া কুমিল্লা জেলায় এবং দেশের উত্তর অঞ্চলের দিনাজপুর, নূরগাঁও, রংপুর এবং রাজশাহী জেলাতেও বিক্ষিপ্তভাবে শালবন বিদ্যমান। একটি রিপোর্টে উঠে এসেছে, ইউনিভার্সিটি অব ফ্রেইবার্গ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারজন গবেষক মধুপুর জাতীয় উদ্যানের শালবনে ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত গবেষণা করে শালবনে ৯৫টি পরিবারের ৩৮৫ প্রজাতির উদ্ভিদের অস্তিত্ব নিশ্চিত করেন। গবেষক মুহম্মদ রায়হানুর রহমান ও তাঁর সাথি গবেষকেরা ২০১৭ সালে প্রকাশিত তাঁদের গবেষণাপত্রে ১৪০ প্রজাতির বৃক্ষ, ৪৮ প্রজাতির গুল্ম, ১৩৫ প্রজাতির বিরূৎ, ৪৬ প্রজাতির লতা, ৯ প্রজাতির ফার্ন, ৫ প্রজাতির পরাশ্রয়ী ও ২ প্রজাতির পরজীবী উদ্ভিদ প্রজাতি শালবনে রয়েছে বলে উল্লেখ করেন। এগুলোর মধ্যে ২১২ প্রজাতির গাছের ঔষধি গুণ রয়েছে। শালবনের প্রায় ৩ শতাংশ প্রজাতির গাছ বিপন্ন ও ২ শতাংশ উদ্ভিদ রয়েছে বিলুপ্তির ঝুঁকিতে। ভুতুম, পিরালু কাঁটা, বনখেজুর বা খুদিখেজুর, বেত, গাদিলা, জংলিকুল বা শিয়ালকুল, শালপান, বানরকলা ইত্যাদি বর্তমানে শালবনের বিপন্ন গাছ।
১৯৮৫ সালেও বাংলাদেশের বনাঞ্চলের প্রায় ৩৬ শতাংশ ছিল শালবন, অতীতে যা কুমিল্লা থেকে দার্জিলিং পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমানে তা কমতে কমতে ১০ শতাংশে এসে দাঁড়িয়েছে। ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল, কুমিল্লা , নূরগাঁও ও দিনাজপুরের কিছু এলাকা ধরে এখন বিক্ষিপ্তভাবে সংকটাপন্ন অবস্থায় টিকে আছে শালবন। প্রতিদিন এলাকার প্রভাবশালী ভূমিদস্যুরা দখল করে নিচ্ছে বনভূমি। এতে কমে যাচ্ছে বনের গাছের সংখ্যা। বনের জায়গা দখল করে গড়ে উঠেছে হাটবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান। নীতিমালা না থাকলেও বনের ভেতরেই গড়ে উঠেছে একাধিক বনখেকো কাঠচেড়াই মিল।
এটুকু বন উজাড় হলে দেশের অনেক উদ্ভিদ প্রজাতি অচিরেই বিলুপ্ত হবে, সেই সঙ্গে বন্য প্রাণীও। বন ধ্বংসের পরিণতি ভোগ করতে হবে আমাদেরই। শুধু ফসল খেয়ে বাঁচা যায় না, বাঁচার জন্য সবার আগে দরকার অক্সিজেন, যা আমরা পাই গাছ থেকে, বনভূমি থেকে। আমাদের জীবন ও অস্তিত্বের জন্যই বনভূমি টিকিয়ে রাখা দরকার। এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।