রিজার্ভ আরও কমলো
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। এক সপ্তাহের ব্যবধানে গ্রস হিসাবে রিজার্ভ কমেছে ৫ কোটি ডলার। নিট হিসাবে কমেছে ১ কোটি ডলার।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দেশের গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৯৬৪ কোটি ডলার। এক সপ্তাহ আগে অর্থাৎ গত ২৬ জুলাই ছিল ২ হাজার ৯৬৯ কোটি ডলার। এই এক সপ্তাহে গ্রস রিজার্ভ কমেছে ৫ কোটি ডলার।
একই সময়ের ব্যবধানে নিট রিজার্ভ ২ হাজার ৩৩১ কোটি ডলার থেকে কমে ২ হাজার ৩৩০ কোটি ডলারে নেমেছে। রিজার্ভ থেকে ডলার নিয়ে বিভিন্ন তহবিলে বিনিয়োগ করা ৪ কোটি ডলার ফেরত আনা হয়েছে, নাহলে নিট রিজার্ভও ৫ কোটি টাকা কমতো। এখন কমেছে ১ কোটি ডলার।
সাম্প্রতিক সময়ে বকেয়া ঋণ পরিশোধ ও আমদানি দেনা মেটানোর কারণে রিজার্ভ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার দিতে হচ্ছে। এতে রিজার্ভ কমে যাচ্ছে। এছাড়া জুনের তুলনায় রফতানি আয় ও রেমিট্যান্স দুটোই কমেছে জুলাইয়ে। এতে রিজার্ভে চাপ বেড়েছে।