বছরে ছাড়িয়ে যেতে পারে দেড় লাখ কোটি টাকা
দেশীয় গ্যাস উত্তোলন ও ব্যবহারে পিছিয়ে পড়ায় সরকারকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির পথে হাঁটতে হচ্ছে। চলতি অর্থবছরেই সরকার ১১৫টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা করছে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে সৃষ্ট প্রতিবন্ধকতায় কাতার থেকে বাংলাদেশে এলএনজি আমদানি কমে গেছে। এ অবস্থায় গ্যাসের চাহিদা মেটাতে সরকার স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কার্গো আনছে। শুধু চলতি অর্থবছরেই এলএনজি আমদানিতে সরকারের ব্যয় হতে পারে প্রায় ৯০ হাজার কোটি টাকা। যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে বিদ্যমান এলএনজির মূল্য পরিবর্তন না হলে এর আমদানি ব্যয় আরও বৃদ্ধি পেতে পারে বলে সংশ্লিষ্ট মহল আশঙ্কা করছে।
সরকারও পরিস্থিতি বিবেচনায় নিয়ে গ্যাসসংকট সামাল দিতে আরও কয়েকটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণের পরিকল্পনা নিয়েছে। একটি নতুন টার্মিনাল নির্মাণের বিষয়ে এরই মধ্যে নীতিগত অনুমোদন পাওয়া গিয়েছে। পরিকল্পনায় থাকা টার্মিনালের মধ্যে যদি কমপক্ষে দুইটি নির্মাণ করা যায় তাহলেই এলএনজি আমদানি ও সরবরাহ সক্ষমতা বৃদ্ধি পাবে। তবে জ্বালানি বিশেষজ্ঞ ও পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, বর্তমানে বৈশি^ক বাজারদর এবং সরবরাহ সক্ষমতা বিবেচনা করলে দুইটি নতুন টার্মিনাল যুক্ত হলে বছরে এলএনজি আমদানিতে ব্যয় ১ লাখ ২০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আর বর্তমান স্পট মূল্য অব্যাহত থাকলে তা দেড় লাখ কোটি টাকায়ও পৌঁছাতে পারে।
বর্তমানে মহেশখালীতে দুইটি এফএসআরইউ আছে। যার মোট দৈনিক গ্যাস সরবরাহ সক্ষমতা প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। একই সক্ষমতার আরও দুইটি টার্মিনাল নির্মাণ করা হলে মোট এলএনজি সক্ষমতা বৃদ্ধি পেয়ে প্রায় ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে। কিন্তু এতে সক্ষমতা বাড়ার পাশাপাশি এলএনজির আমদানি ব্যয়ের ওপরও চাপ বাড়বে।