বগুড়ার পশুর হাটে বিএনপি সিন্ডিকেটের দাপট
* একক দরপত্র ও ‘ম্যানেজ’ কৌশলে প্রশ্নবিদ্ধ ইজারা * কোটি টাকার হাট ঘিরে রাজনৈতিক নিয়ন্ত্রণের অভিযোগ * ইজারায় অংশ নিতে সাহস পান না সাধারণ ব্যবসায়ীরা
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার কুরবানির পশুর হাটগুলো এখন শুধু পশু বেচাকেনার কেন্দ্র নয়, হয়ে উঠেছে রাজনৈতিক প্রভাব, সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং কোটি টাকার অর্থনৈতিক হিসাবের জায়গা। জেলার বড় বড় পশু হাটের ইজারা ঘিরে এবার সবচেয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের।
অভিযোগ উঠেছে, প্রতিদ্বন্দ্বী দরদাতাদের ‘ম্যানেজ’ করে, কোথাও চাপ সৃষ্টি করে, আবার কোথাও একক দরপত্র জমা দিয়ে কোটি টাকার হাট নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছেন দলটির নেতারা।
জেলার বিভিন্ন উপজেলা ঘুরে এবং জেলা প্রশাসক দপ্তর সূত্রে জানা গেছে, এবার বগুড়ায় স্থায়ী ৬৪টি এবং অস্থায়ী ২১টি পশুর হাটের ডাক হয়েছে। এর মধ্যে কয়েকটি বড় হাটে প্রতিযোগিতা থাকলেও অধিকাংশ মাঝারি ও ছোট হাটে কার্যত একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে স্থানীয় রাজনৈতিক সিন্ডিকেট। বিশেষ করে নন্দীগ্রাম, দুপচাঁচিয়া, শেরপুর ও মহাস্থান এলাকার কয়েকটি হাট নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সবচেয়ে বড় পশুহাটগুলোর একটি ওমরপুর হাট। এবার হাটটি ১ কোটি ৮৮ লাখ ৫০০ টাকায় ইজারা নিয়েছেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং মেসার্স তাবাসুম ট্রেডার্সের মালিক মোস্তাফিজার রহমান তারেক। গত বছরও তিনি প্রায় একই প্রক্রিয়ায় ১ কোটি ৮৬ লাখ ৫০০ টাকায় হাটটি নিয়েছিলেন। এ বছর হাটটির জন্য তারেক ছাড়াও আরও দুইজন দরপত্র কিনেছিলেন। তারা হলেন- নন্দীগ্রাম পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম এবং শেরপুর উপজেলার বিএনপি সমর্থক ব্যবসায়ী শফিকুল ইসলাম শিরু। কিন্তু শেষ পর্যন্ত তারা কেউ দরপত্র জমা দেননি।
অভিযোগ রয়েছে, ছাত্রদল নেতা তারেক তাদের ‘ম্যানেজ’ করে এককভাবে দরপত্র জমা দেন। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও তারেক বিষয়টি স্বীকার করেন।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন, হাটটির একক দরপত্র জমা পড়েছে ঠিকই, তবে সরকারি মূল্য অনুযায়ী দর থাকায় নিয়ম মেনেই ইজারা দেওয়া হয়েছে। এখানে অন্যরা কেন জমা দেয়নি সেই বিষয়ে তার কিছু জানা নেই।
তবে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এ ধরনের ‘সমঝোতা’ এখন প্রায় সব বড় হাটেই হচ্ছে। প্রকাশ্যে প্রতিযোগিতা থাকলেও শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বীদের বাধ্য করে সরিয়ে দিয়ে চিহ্নিত গোষ্ঠী হাট নিয়ন্ত্রণ করছে।
একই ধরনের অভিযোগ উঠেছে দুপচাঁচিয়া উপজেলার কয়েকটি পশুহাট নিয়েও। একক দরপত্র জমা দিয়ে উপজেলার সাহারপুকুর হাট নিয়েছেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোজাফফর হোসেন। তিনি হাটটি ইজারা নিয়েছেন মাত্র ১৩ লাখ ৯৭ হাজার টাকায়। কম দরপত্র মূল্য হওয়ার কারণে গত বছর এই হাটটিতে খাস আদায় করেছিলো উপজেলা প্রশাসন।
স্থানীয়দের অভিযোগ, এবার অন্য কাউকে এই হাটের দরপত্র কিনে অংশ নিতে দেওয়া হয়নি। শুরু থেকেই হাটটি নির্দিষ্ট ব্যক্তির জন্য একরকম নির্ধারিত ছিলো। যার কারণে হাটটি তিনিই পেয়েছেন।
আবার বগুড়ার সবচেয়ে আলোচিত পশুর হাটগুলোর একটি মহাস্থান হাট। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এ হাটকে ঘিরে প্রতি বছরই কোটি টাকার লেনদেন হয়। গত বছর হাটটি ৭ কোটি ২৮ লাখ টাকায় ইজারা নিয়েছিলেন স্থানীয় রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি তাহেরুল ইসলাম। এবার সেই হাট ৯ কোটি ৩১ লাখ টাকায় ইজারা নিয়েছেন স্থানীয় জাতীয় পার্টির নেতা আশরাফুল ইসলাম শাহাদত।
স্থানীয়দের দাবি, বড় হাটগুলোতে এখন আর সাধারণ ব্যবসায়ীরা অংশ নিতে সাহস পান না। কারণ হাট মানেই রাজনৈতিক ছত্রছায়া, প্রভাব এবং বিশাল অর্থনৈতিক নিয়ন্ত্রণ হয়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, বড় পশুর হাট শুধু ইজারা মূল্যেই সীমাবদ্ধ নয়। পশুবাহী ট্রাক প্রবেশ, পার্কিং, খাস আদায়, দোকান বরাদ্দ, বাঁশ-বাতি, খাবারের স্টল, এমনকি রাতের নিরাপত্তা নিয়েও চলে আলাদা লেনদেন। যার অঙ্কটাও হয় কয়েক কোটির ঘরে। যে হাট নিয়ন্ত্রণ করবে, সে পুরো আদায় প্রক্রিয়াটাই নিয়ন্ত্রণ করবে। আর সবচেয়ে বড় কথা, রাজনৈতিক পরিচয় ছাড়া এখন বড় হাটে প্রবেশ করা যাচ্ছে না। ফলে সাধারণ ব্যবসায়ীরা ধীরে ধীরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ছেন।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, হাট ঘিরে কোনো ধরনের দখলবাজি বা চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












