- প্রতিরোধের চেষ্টা করলে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয় লাশ
নিজস্ব সংবাদদাতা:
বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ করছে ২০ দস্যু বাহিনী। সক্রিয় কয়েক বাহিনী দস্যুতায় ব্যবহার করছে লাইসেন্স করা অস্ত্র। সাগরের এই দস্যুরা মাছ ও জাল লুট, মাদক কারবার এবং মানব পাচার নিয়ন্ত্রণ করে।
অনুসন্ধানে জানা যায়, সাধারণ জেলেরা যখন সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় থাকেন, ঠিক তখনই ইঞ্জিনচালিত ট্রলারে করে হানা দেয় দস্যু বাহিনী। তাদের প্রাথমিক লক্ষ্য জেলেদের ধরা দামি মাছ এবং লাখ টাকা মূল্যের জাল। কেউ বাধা দিলে বা জাল দিতে না চাইলে তাদের ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। অস্ত্রের বাঁট দিয়ে পিটিয়ে জেলেদের হাড়গোড় ভেঙে দেওয়া হয়। প্রতিরোধের চেষ্টা করলে সরাসরি গুলিতে হত্যা করে লাশ ভাসিয়ে দেওয়া হয় সাগরের নোনাজলে। অনেক সময় ট্রলারসহ জেলেদের অপহরণ করে গোপন আস্তানায় আটকে রেখে আদায় করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। প্রতিটি নৌদস্যু বাহিনী সুসংগঠিতভাবে পরিচালিত হয়। একেকটি গ্রুপে সাধারণত ১৫ থেকে ২৫ জন সশস্ত্র সদস্য থাকেন। এদের মধ্যে থাকেন সরদার, নেভিগেটর (যিনি সাগরের রুট চেনেন), শুটার ও পাহারাদার। তারা সজ্জিত থাকেন আধুনিক ও দেশীয় আগ্নেয়াস্ত্রে।
নৌদস্যুদের আয়ের উৎস শুধু মাছ বা জাল লুটের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা বঙ্গোপসাগরকে ব্যবহার করছে ইয়াবা এবং মানব পাচারের নিরাপদ রুট হিসেবে। মিয়ানমার থেকে আসা ইয়াবার বড় বড় চালান তাদের পাহারায় বাংলাদেশের উপকূলে প্রবেশ করে। পাশাপাশি মালয়েশিয়ায় সাগরপথে মানব পাচারেও এই দস্যুরা সিন্ডিকেটের হয়ে কাজ করেন। অসহায় রোহিঙ্গা বা গ্রামের সহজ-সরল মানুষদের উন্নত জীবনের লোভ দেখিয়ে ট্রলারে তুলে সাগরে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করাও তাদের অন্যতম পেশায় পরিণত হয়েছে।
ভয়ংকর এসব নৌদস্যুর পেছনে রয়েছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা, অসৎ জনপ্রতিনিধি ও গডফাদারদের শক্তিশালী পৃষ্ঠপোষকতা। উপকূলে থাকা প্রভাবশালী মহাজন ও গডফাদাররাই তাদের ট্রলার ভাড়া করে দেয় এবং সাগরে নামার আগে লাখ টাকার ‘দাদন’ দিয়ে থাকে। এই দাদনের টাকায় কেনা হয় অস্ত্র, গুলি ও প্রয়োজনীয় রসদ। সাগর থেকে লুট করে আনা মাছ, জাল, ট্রলার এবং মুক্তিপণের টাকা কিংবা পাচারের কমিশন ভাগ-বাঁটোয়ারা হয় অলিখিত নিয়ম অনুযায়ী। লুটের আয়ের ৪০ থেকে ৫০ শতাংশ সরাসরি চলে যায় গডফাদার ও ট্রলার সরবরাহকারীর পকেটে। বাকি টাকা দস্যু সরদার তার বাহিনীর সদস্যদের মধ্যে দায়িত্ব, সাহসিকতা ও পদ অনুযায়ী ভাগ করে দেয়।