‘প্রকৌশলী বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন’
উপহারের মোড়কে ঘুষ লেনদেনকে বৈধতা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। একইসঙ্গে বক্তব্য প্রত্যাহার, সরকারের অবস্থান স্পষ্ট করা এবং প্রতিমন্ত্রীর জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে টিআইবি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি জানায়, গত ১০ নভেম্বর এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেছেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয়, তা গ্রহণ করা যায়।
টিআইবির প্রশ্ন, সরকারি দায়িত্ব পালনের জন্য উপহারের নামে ঘুষ গ্রহণের মতো ব্যক্তিগত সুবিধা নিতে বলে কি প্রতিমন্ত্রী কার্যত ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন? সংস্থাটি অবিলম্বে প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার এবং প্রতিমন্ত্রী ও বক্তব্যের পেছনে সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করার বিষয়ে জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীর নিয়মিত দায়িত্ব। এ দায়িত্ব পালনের জন্যই তারা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ‘উপহারের’ নামে অবৈধ অর্থ নেবেন কেন?
তিনি বলেন, ‘এই কাজের জন্য উপহার নেওয়া যায় বলে প্রতিমন্ত্রী কি ঘুষকে বৈধতা দিচ্ছেন, প্রকারান্তরে ঘুষ নিতে উৎসাহ দিচ্ছেন? যাদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা এবং আইনের লঙ্ঘন।’
ঠিকাদারের ‘উপহার’ নিয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তা নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে টিআইবি। পাশাপাশি প্রতিমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়ে জবাবদিহি নিশ্চিত করা এবং তার বক্তব্যে উল্লেখ করা সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাই করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।