পরীক্ষায় ‘সাদা খাতা’ জমা দেয়ায় ব্যাখ্যা চেয়ে ৩০ শিক্ষার্থীকে তলব
দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষায় ‘সাদা খাতা’ জমা দেয়ার ঘটনায় ৩০ জন শিক্ষার্থীর কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ। নির্ধারিত ৩ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক কৈফিয়ত দিতে ব্যর্থ হলে ওই শিক্ষার্থীদের কলেজ থেকে বহিষ্কার এবং বোর্ডে যোগাযোগ সাপেক্ষে টিসি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ড. সেরাজ উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার প্রাক-নির্বাচনি পরীক্ষার ফলাফল মূল্যায়নে দেখা যায়, ৩০ জন শিক্ষার্থী উত্তরপত্রে কোনো উত্তর না লিখে সাদা খাতা জমা দিয়েছে অথবা পরীক্ষায় শূন্য নম্বর পেয়েছে। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এমন চরম অবহেলা ও অসদুপায় অবলম্বনের কারণ দর্শাতে আগামী ৩ কার্যদিবসের মধ্যে অধ্যক্ষের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। অন্যথায় কলেজ থেকে বহিষ্কারের পাশাপাশি নিজ দায়িত্বে শিক্ষাবোর্ডে যোগাযোগ করে টিসি নিয়ে অন্য কলেজে চলে যেতে হবে বলে সতর্ক করা হয়েছে।