কাটছে না ইলিশ সংকট, নিষেধাজ্ঞার সুফল ভোগ করছে ভারতীয় জেলেরা
‘বরিশাল নগরীতে ইলিশের মোকাম হিসেবে পরিচিত পোর্ট রোডে সাগরের কোনও ইলিশের দেখা মিলছে না। যেটুকু ইলিশ আসছে, সেগুলো স্থানীয় নদীর। এ কারণে আগের মতো পোর্ট রোড খালে ইলিশ শিকারের ট্রলারের দীর্ঘ সেই লাইন দেখা যায় না। আর ট্রলার না আসার কারণে টনে টনে ইলিশও আসছে না পোর্ট রোডে।’ কথাগুলো বলছিলেন ভোলার মেঘনা নদী থেকে ইলিশ শিকার করে নিয়ে আসা জেলে জামাল ও রফিক।
পোর্ট রোডের আড়তদার জহির সিকদার বলেন, ‘সাগরে মাছ শিকারের ওপর ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকে। ভারতে তাকে ৬১ দিনের নিষেধাজ্ঞা (১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত)। ভারতের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বাংলাদেশের সাগরে ৩৮ দিনের নিষেধাজ্ঞা চলমান থাকায় ওই সুবিধা নিচ্ছে ভারতীয় জেলেরা। তারা বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে অত্যাধুনিক জাল দিয়ে বড় থেকে একেবারে ছোট ইলিশ পর্যন্ত ধরে নিয়ে যাচ্ছে। আর এ অবস্থা বছরের পর বছর ধরে চলে আসছে। যার কারণে ইলিশ বড় হওয়ার সুযোগ পাচ্ছে না। বিষয়টি বারবার মৎস্য কর্মকর্তাদের অবহিত করা হলেও তারা এ বিষয়ে তেমন গুরুত্ব না দেওয়ায় সুবিধা নিয়েছে ভারতীয় জেলেরা। এখনও সাগরে জেলেদের কাছ থেকে ইলিশ ক্রয় করছেন ভারতীয় জেলেরা। এ কারণে পোর্ট রোড মোকামে শুধু নদীর ইলিশ আসায় দাম কমছে না।’
জাহাঙ্গীরসহ একাধিক ব্যবসায়ী বলেন, পরিবেশগত কারণে সাগর ও নদীতে ইলিশ কম ধরা পড়ায় দাম কমছে না। আর পোর্ট রোডে সাগরের কোনও ইলিশ আসছে না। যা আসছে বরিশাল বিভাগের নদীর মাছ। তা-ও আবার কয়েকভাবে ভাগ হয়ে অর্ধশত মোকামে ছড়িয়ে পড়ছে। ওই সকল মোকাম থেকে ইলিশ যাচ্ছে বগুড়া ও রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীদের কাছে। এরপর তা এলসি ছাড়াই প্রবেশ করছে ভারতের বাজারে।’ বিভিন্ন মাধ্যমে বিষয়টি তারা জানতে পেরেছেন।
এ ব্যাপারে বরিশাল বিভাগীয় মৎস্য অফিসের উপপরিচালক নৃপেন্দ নাথ বিশ্বাস বলেছে, জেলেদের দাবির পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে একই সময় নিষেধাজ্ঞার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি, একই সময়ে বাংলাদেশ ও ভারতের নিষেধাজ্ঞার সময়সীমা সমন্বয় হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।