কক্সবাজারে বাঁধ সংস্কার প্রকল্প: অস্বাভাবিক ব্যয় নিয়ে প্রশ্ন
কক্সবাজার সংবাদদাতা:
পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ ও উপকূলীয় বাঁধ পুনর্বাসনে ৭০৪ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। তবে প্রকল্পের কয়েকটি কাজের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রস্তাবে মাত্র দেড় কিলোমিটার উপকূলীয় বাঁধ উঁচু করা ও পুনর্বাসনে ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ১৯ লাখ টাকা। এতে প্রতি কিলোমিটারে খরচ পড়ছে প্রায় ৩৮ কোটি ১৩ লাখ টাকা। এই ব্যয় যৌক্তিক পর্যায়ে নামানো এবং কাজের নকশা পুনরায় যাচাই করার সুপারিশ করতে যাচ্ছে কমিশন।
‘কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার নম্বর ৬৪/২এ এবং ৬৪/২বি-এর পুনর্বাসন’ প্রকল্পে এমন ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। আজ মঙ্গলবার অনুষ্ঠেয় প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয় ও নকশা নিয়ে আলোচনা হবে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ৫.৪৫ কিলোমিটার নদীর তীর সংরক্ষণে ব্যয় ধরা হয়েছে ২০৬ কোটি ১৭ লাখ ৪৫ হাজার টাকা। এতে প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়ায় প্রায় ৩৭ কোটি ৮৩ লাখ টাকা। এই ব্যয়কেও বেশি বলে মনে করছে পরিকল্পনা কমিশন। সংস্থাটি ব্যয়ের যৌক্তিকতা পর্যালোচনা করে তা কমানোর সুপারিশ করবে।
এ ছাড়া ৮০.৪৬ কিলোমিটার অভ্যন্তরীণ বাঁধ উঁচু ও পুনর্বাসনে বরাদ্দ রাখা হয়েছে ১৫০ কোটি ৪ লাখ ৭৭ হাজার টাকা। এতে প্রতি কিলোমিটারে ব্যয় প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা। এই ব্যয় প্রস্তাবও যৌক্তিকভাবে কমানোর পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজের নকশা পুনরায় যাচাই করতে বলা হবে। প্রকল্পের আরেকটি খাতে ২.৭০ কিলোমিটার উপকূলীয় বাঁধ উঁচু ও পুনর্বাসনে ৫ কোটি ৮৯ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রতি কিলোমিটারে এ ব্যয় প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা। এই হিসাবও পর্যালোচনা করে ব্যয় কমানোর সুপারিশ করবে পিইসি।