আইন সংশোধন করে নির্দলীয় স্থানীয় নির্বাচনে ফেরার দাবি সুজনের
আইন সংশোধন করে নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় ফেরার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এতে প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলে মনে করে সংগঠনটি। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) অনলাইনে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তুলনামূলক চিত্র তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজনের নেতারা এমন দাবি তোলেন।
সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, আমরা আগেও দলীয়ভাবে স্থানীয় নির্বাচনের বিপক্ষে ছিলাম। কাজেই নির্দলীয় নির্বাচনের কথা যা বলা হচ্ছে তা আইন সংশোধন করে আগের অবস্থায় ফিরে যাওয়া উচিত। নির্দলীয়ভাবে স্থানীয় নির্বাচন হলে প্রার্থী সংখ্যা ও প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যায়। তিনি বলেন, এখন তারা দলীয় প্রতীক থেকে সরে এসেছে। কিন্তু আসলেই কি তারা সরে এসেছে। কুমিল্লা সিটি কর্পোরেশনে তারা একজনকে মনোনয়ন দিয়েছে। এতে নির্দলীয় নির্বাচন করার যে সুবিধা পাওয়ার সুযোগ, সেটা ব্যহত হতে পারে। কারণ দুর্ভাগ্যবশত আমাদের প্রশাসন, আইন-শৃঙ্খলাবাহিনী দলীয় হয়ে গিয়েছে।
যখন ক্ষমতাসীন দলের কেউ প্রার্থী হয়, তখন তার পক্ষে পক্ষপাতদুষ্ট আচরণ করার সম্ভাবনা বেড়ে যায়। এটা হবে নিশ্চিত করে বলতে পারি না, তবে এটার সম্ভাবনা সৃষ্টি হয়। ক্ষমতাসীন দল যদি সত্যিকার অর্থে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করতে চায়, তাহলে দলীয়ভাবে মনোনয়ন দেয়া থেকে তারা যেন বিরত থাকে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।