অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে গ্রাহক, তিন মাসে বেড়েছে কয়েক গুণ
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছেন রাজধানীসহ বিভিন্ন এলাকার গ্রাহকেরা। একদিকে লোডশেডিং, অন্যদিকে বাড়তি বিদ্যুৎ বিলÑদুই দিকের চাপেই হতাশ সাধারণ মানুষ। অনেক গ্রাহকের অভিযোগ, স্বাভাবিক ব্যবহারের তুলনায় জুন মাস থেকে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়েছে।
নগরীর মগবাজারের সোয়েব জানান, তার বাসায় কোনো এসি নেই। স্বাভাবিক সময়ে বিদ্যুৎ বিল আসে প্রায় দুই হাজার টাকা। মে মাসে বিল ছিল ২ হাজার ৩০০ টাকা। কিন্তু জুন মাসে বিল এসেছে ৪ হাজার ৫০০ টাকা। তার হিসাবে, এক মাসে বিল বেড়েছে প্রায় ১২৫ শতাংশ।
ডিপিডিসির গ্রাহক আরিফ ইশতিয়াক আদনান জানান, তার ভাড়াটিয়া স্বল্প আয়ের মানুষ। দুই কক্ষের ওই বাসায় দুটি ফ্যান, একটি ফ্রিজ ও চারটি লাইট ব্যবহার করা হয়। মে মাসে বিদ্যুৎ বিল এসেছিল ৮০০ টাকা। জুন মাসে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭০০ টাকায়। এতে তার ভাড়াটিয়া বিপাকে পড়েছেন এবং বিদ্যুৎ বিল দিতে গিয়ে সংসারের বাজার খরচেও টান পড়েছে।
মিরপুর এলাকার ব্যবসায়ী বাবু হোসেন বলেন, তার বিদ্যুৎ বিল স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি এসেছে। সাধারণত তার বিল ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকার মধ্যে থাকে। কিন্তু জুন মাসে বিল এসেছে ৬ হাজার ৮৭০ টাকা। তার হিসাবে, এক মাসে বিল বেড়েছে প্রায় ১৪৫.৪ শতাংশ।
শুধু আবাসিক গ্রাহক নয়, বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রেও বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বালুর মাঠ এলাকার সিন্যামন রেস্টুরেন্টের মালিক শাকিল সারোয়ার জানান, মে মাসে তার রেস্টুরেন্টের বিদ্যুৎ বিল ছিল ১ লাখ ৩৯ হাজার টাকা। এটিও তার কাছে বেশি মনে হয়েছিল। তবে জুন মাসে বিল এসেছে ১ লাখ ৯৮ হাজার ৭০০ টাকা।
আড়াইহাজারের বাসিন্দা ইসরাফিল বলেন, জুন মাসে মে মাসের তুলনায় লোডশেডিং বেশি হয়েছে। অথচ মে মাসের চেয়ে জুনে বিদ্যুৎ বিল বেশি এসেছে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, সরকার গৃহস্থালি পর্যায়ে বিদ্যুতের দাম ১৬.৬৮ শতাংশ এবং বাণিজ্যিক পর্যায়ে ১৮.০৬ শতাংশ বাড়িয়েছে। কিন্তু অনেক গ্রাহকের ক্ষেত্রে বিদ্যুৎ বিল ৪৫ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে তিনি দাবি করেন। অতিরিক্ত বিলের কারণ খতিয়ে দেখার দাবি জানান তিনি।
তার অভিযোগ, ২০২৩ ও ২০২৪ সালেও জুন মাসের বিল একই পদ্ধতিতে বেশি দেওয়া হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।