মাঠে পচছে কদু-পেঁপে, রাজধানীতে চড়া দাম; মুনাফা যাচ্ছে কার পকেটে?
নিজস্ব প্রতিবেদক:
কদুর বাগানে ফলন হয়েছে প্রচুর, পেঁপে গাছেও ঝুলছে পাকা ফল। কিন্তু কৃষকের মুখে হাসি নেই। বাজারে ক্রেতার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় এসব সবজির দাম নেমেছে তলানিতে। কোথাও চারটি কদু বিক্রি হচ্ছে মাত্র এক টাকায়, আবার কোথাও এক কেজি পেঁপের দাম দুই থেকে তিন টাকা। এমন পরিস্থিতিতে ফসল তোলা, শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ মেটানোই কঠিন হয়ে পড়েছে। লোকসান কমাতে কোনও কৃষক কদুর গাছ কেটে ফেলছেন, কেউবা পেঁপে না তুলেই নষ্ট হতে দিচ্ছেন।
অথচ রাজধানীর খুচরা বাজারে একটি কদুর দাম ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত। পেঁপিও বিক্রি হচ্ছে কেজিপ্রতি প্রায় ৩০ টাকায়। উৎপাদনস্থল থেকে রাজধানীর বাজার পর্যন্ত দামের এই বিশাল ব্যবধান কৃষকের দুরবস্থা এবং কৃষিপণ্যের বিপণনব্যবস্থার সীমাবদ্ধতা সামনে এনেছে।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এবার কদুর ফলন ভালো হয়েছে। তবে উৎপাদন বেড়ে যাওয়ায় বাজারে প্রত্যাশিত দাম পাচ্ছেন না চাষিরা। কোনও এলাকায় চারটি কদু এক টাকায় বিক্রি হচ্ছে, আবার কোথাও প্রতিটি কদুর দাম দুই থেকে পাঁচ টাকা। অথচ স্থানীয় খুচরা বাজারে একটি কদু কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ২০ থেকে ৩০ টাকা।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের তেলিপাড়া এলাকার কৃষক দুলাল ইসলাম ৪০ শতক জমিতে কদু চাষে বিনিয়োগ করেছিলেন ৬০ থেকে ৭০ হাজার টাকা। কিন্তু এখন পর্যন্ত উৎপাদিত কদু বিক্রি করে তার আয় হয়েছে মাত্র তিন হাজার টাকা।
দুলাল ইসলামের ভাষ্য, বিক্রির টাকা দিয়ে শ্রমিকের মজুরিও পরিশোধ করা সম্ভব হচ্ছে না। দুই থেকে তিন হাজার কদু বিক্রি করেও এক কেজি গরুর গোশত কেনার সমপরিমাণ অর্থ পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি বাগান কেটে ফেলেছেন। কিছু কদু গবাদিপশুর খাবার হিসেবে ব্যবহার করছেন।
তার প্রশ্ন, এত পরিশ্রম ও অর্থ ব্যয় করে ফসল উৎপাদনের পরও যদি কৃষক ন্যায্য দাম না পান, তাহলে ভবিষ্যতে চাষাবাদ চালিয়ে যাবেন কীভাবে?
কদুর মতো পেঁপে চাষিরাও পড়েছেন বিপাকে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এবার প্রায় ৯০০ হেক্টর জমিতে পেঁপে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদফতর। অনুকূল আবহাওয়া, উচ্চফলনশীল জাতের ব্যবহার এবং চাষের জমি বাড়ায় উৎপাদনও বেড়েছে। কিন্তু একই সময়ে বাজারে বিপুল পরিমাণ পেঁপে আসায় দাম কমে গেছে ব্যাপকভাবে।
সিংগাইরের বিভিন্ন এলাকায় জমি থেকেই প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে দুই থেকে তিন টাকায়। এই দামে বীজ, সার, কীটনাশক, সেচ, জমির ভাড়া ও শ্রমিকের খরচ তোলা সম্ভব হচ্ছে না। ফলে অনেক কৃষক গাছ থেকে পেঁপে সংগ্রহ করছেন না। কোথাও পাকা ফল গাছেই নষ্ট হচ্ছে, আবার কোথাও পেঁপের বাগান সরিয়ে অন্য ফসল চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা।
একই উপজেলার কৃষক তাজুল সিকদার লোকসান সামাল দিতে দুই বিঘা জমির পেঁপেগাছ কেটে ফেলেছেন। উৎপাদন খরচের সামান্য অংশও বিক্রি থেকে ফেরত না পাওয়ায় এখন বিকল্প ফসল চাষের কথা ভাবছেন তিনি। এ অবস্থা অব্যাহত থাকলে আগামী মৌসুমে পেঁপে চাষে কৃষকদের আগ্রহ কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
মানিকগঞ্জের সিংগাইর থেকে তিন টন পেঁপে নিয়ে কারওয়ান বাজারে এসেছিলেন অজিউল্লাহ। তার হিসাব অনুযায়ী, জমির ভাড়া, বীজ ও সারসহ উৎপাদন খরচ পড়ে কেজিপ্রতি ১০ থেকে ১২ টাকা। এর সঙ্গে পরিবহন ও শ্রমিকের খরচ যোগ হলে মোট ব্যয় দাঁড়ায় ১৩ থেকে ১৫ টাকা। অথচ বাজারে পেঁপে বিক্রি করতে হয়েছে কেজিপ্রতি ছয় থেকে আট টাকায়। ফলে প্রতিটি কেজিতে উল্লেখযোগ্য পরিমাণ লোকসান গুনতে হয়েছে তাকে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের সরেজমিন উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান ম-ল বলেন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহনের কার্যকর ব্যবস্থা না থাকলে এ ধরনের সংকট বারবার দেখা দিতে পারে। ভোক্তারা কম দামে পণ্য কিনে সাময়িকভাবে লাভবান হলেও কৃষক উৎপাদন খরচ তুলতে না পারলে ভবিষ্যতে ওই ফসল চাষের আগ্রহ হারাতে পারেন। এতে দীর্ঘমেয়াদে উৎপাদন ও সরবরাহব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।