পার্সেল পণ্যবাহী ট্রেন বন্ধ ক্ষতির মুখে উদ্যোক্তারা
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ রবি, ১৩৯৪ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
দেশের পণ্য খাতের ট্রেন চলাচল অস্বাভাবিক কমেছে। চট্টগ্রাম বন্দরের কনটেইনার, জ্বালানি ও খাদ্যশস্য পরিবহন সীমিত করার পর এবার লাভজনক পার্সেলবাহী ট্রেন চলাচলেও ছেদ পড়েছে। লোকোমোটিভ সংকটে কয়েক মাস ধরে অনিয়মিত হয়ে পড়া চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের ময়মনসিংহ মেইলের চলাচল সম্প্রতি কার্যত বন্ধ। অথচ পার্সেল পণ্য পরিবহনে রেলওয়ের অন্যতম লাভজনক ট্রেনটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী-উদ্যোক্তাদের অন্যতম ভরসা। গত কিছুদিন ট্রেনটির সার্ভিস বন্ধ থাকায় বাড়তি খরচ গুনছেন ব্যবসায়ীরা। পাশাপাশি দূরের জেলা ও স্টেশনকেন্দ্রিক বাজারগুলোয় স্বল্প পরিমাণ পণ্য পাঠানোও কঠিন হয়ে পড়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পূর্বাঞ্চলের অধীনে চট্টগ্রাম মেইল, ঢাকা মেইল, উদয়ন এক্সপ্রেস ও ময়মনসিংহ মেইলেই সবচেয়ে বেশি পার্সেল পণ্য পরিবহন হয়। এসব ট্রেনে নিয়মিত দুটি করে পণ্য পরিবহনের বিশেষ কোচ সংযুক্ত থাকে। তবে কয়েক মাস ধরে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী ৩৭ নম্বর আপ ও ৩৮ নম্বর ডাউন ময়মনসিংহ মেইলের সার্ভিস অনিয়মিত হয়ে পড়েছে। গত কয়েক দিনে ট্রেনটির চলাচল কার্যত বন্ধ। ১ আপ ঢাকা মেইল, ২ ডাউন চট্টগ্রাম মেইল এবং উদয়ন এক্সপ্রেসের আপ ও ডাউন ট্রেনে পার্সেলবাহী কোচ সংযুক্ত করাও অনিয়মিত।
ময়মনসিংহ মেইলের সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে রেলওয়েকে চিঠিও দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপককে (জিএম) দেয়া ওই চিঠিতে তারা জানিয়েছেন, ৪০ বছর ধরে চট্টগ্রামের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী-উদ্যোক্তারা ময়মনসিংহগামী ৩৭ ও ৩৮ নম্বর ট্রেনে পণ্য আনা-নেয়া করছেন। বিশেষ করে শুকনো কৃষিপণ্য, শুঁটকি, আদা, টায়ার, জুতা, তুলা ও ফার্নিচার পরিবহনে এ ট্রেন ব্যবহার করেন তারা। কিছুদিন ধরে ট্রেনটি অনিয়মিতভাবে চললেও সম্প্রতি সার্ভিস কার্যত বন্ধ। এতে চট্টগ্রামের ব্যবসায়ীদের পাশাপাশি এ রুটের বিভিন্ন স্টেশনকেন্দ্রিক ব্যবসায়ী, শ্রমিক-কুলিসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণীর মানুষ কর্মহীনতা ও ব্যবসায়িক মন্দার মুখে পড়েছেন বলে চিঠিতে দাবি করা হয়েছে।
জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীন বলেন, লোকোমোটিভ সংকটে রেলের সার্ভিস পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এ কারণে ময়মনসিংহ মেইলের মতো ট্রেনের সার্ভিসও অনিয়মিত হয়েছে, এটা সাময়িক। ব্যবসায়ীদের দাবির পাশাপাশি রেলের রাজস্ব আয় ধরে রাখতে ট্রেনটি চালু করা জরুরি।’ রেলের মিটার গেজ লোকোমোটিভগুলো মেরামতের মাধ্যমে সচল করা গেলে শিগগিরই ময়মনসিংহ রুটের জনপ্রিয় ট্রেনটি আবারো চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
রেলেওয়ের তথ্যমতে, মে মাসে ৩৭ নম্বর আপ ময়মনসিংহ মেইলে (চট্টগ্রাম-ময়মনসিংহ) ৬ হাজার ৩৬২টি প্যাকেজে ২ লাখ ৭২ হাজার ৪১৫ কেজি পণ্য পরিবহন করে ৬ লাখ ১৮ হাজার ৬০০ টাকা আয় করেছে রেলওয়ে। একই মাসে ১ নম্বর আপ চট্টগ্রাম-ঢাকা মেইলে ৩ হাজার ৪০টি প্যাকেজে ১ লাখ ৭১ হাজার ৬৫০ কেজি পণ্য পরিবহন করে আয় হয়েছে ১১ লাখ ৭৩ হাজার ২৩৩ টাকা। এছাড়া ৭২৩ নম্বর উদয়ন এক্সপ্রেসে (চট্টগ্রাম-সিলেট) ৭ হাজার ১০১টি প্যাকেজ পরিবহন করে আয় হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৫৬০ টাকা। সব মিলিয়ে মে মাসে এ তিন ট্রেন থেকে রেলওয়ের আয় হয়েছে ২২ লাখ ৫৪ হাজার ৩৯৩ টাকা। এ সময়ে মোট ৬ লাখ ৫৭ হাজার ৮৮০ কেজি পার্সেল পণ্য পরিবহন করা হয়েছে।
চট্টগ্রামভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স হাসেম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুর রহিম জানান, চট্টগ্রাম থেকে ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য পাঁচ-ছয়টি জেলায় সরবরাহে এ ট্রেনের পার্সেল সুবিধা ব্যবহার করেন ব্যবসায়ীরা। কম পরিবহন ব্যয়, যোগাযোগ সুবিধা ও নিরাপত্তার পাশাপাশি রেলওয়ে স্টেশনকেন্দ্রিক বাজারগুলোয় পণ্য পৌঁছানো সহজ হওয়ায় তারা রেলের ওপর নির্ভর করেন। অন্যদিকে বাস বা কুরিয়ার সার্ভিসে এসব বাজারে পণ্য পাঠাতে নানা বিড়ম্বনার মুখে পড়তে হয়। কিছুদিন ধরে সার্ভিস অনিয়মিত হতে হতে একপর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থে দ্রুত এ সার্ভিস চালু করা উচিত বলে মনে করেন তিনি।
রেলওয়ে ও ব্যবসা সংশ্লিষ্টরা বলছেন, ৩৭ ও ৩৮ নম্বর ময়মনসিংহ মেইলে পার্সেল পণ্য পরিবহনের ওপর ব্যবসায়ীদের পাশাপাশি হাজারো শ্রমিক, কুলি ও পরিবহন শ্রমিক নির্ভরশীল। বিশেষ করে চট্টগ্রাম থেকে টাঙ্গাইল পর্যন্ত বিভিন্ন স্টেশনে ট্রেনটির পণ্য ওঠানো-নামানোর সঙ্গে যুক্ত শ্রমিকরা এখন কাজ ও আয়ের সংকটে পড়েছেন। এছাড়া সার্ভিস চালু থাকা ১ আপ ও ২ ডাউন চট্টগ্রাম-ঢাকা মেইল এবং উদয়ন এক্সপ্রেসে অনিয়মিতভাবে পার্সেল কোচ সংযুক্ত করায় ক্ষুদ্র ব্যবসায়ীরাও বড় ধরনের সংকটে পড়েছেন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে রেলের পণ্য খাতের রাজস্ব আয়ও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কয়েক কোটি টাকার খাদ্যশস্য আত্মসাৎ, ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমআরটি লাইন-১ ও লাইন-৫-এর ৪ প্যাকেজের নির্মাণ চুক্তি সই
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাজ শেষ হওয়ার আগেই ১০ কোটির বিল ডিএনসিসির
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘শ্রমিক প্রতিনিধিদের নাম পেলে দুই দিনের মধ্যে মজুরি বোর্ডের গেজেট’
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত -রিজভী
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেয়ার পরিণতি ভোগ করতে হবে’
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা না গেলে শুধু হাসপাতাল করে লাভ নেই’
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন -বাণিজ্যমন্ত্রী
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আইনজীবী তালিকাভুক্তির বয়সসীমা ৩৫ বছর করার সিদ্ধান্ত
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাঁশের তৈরি মাচানে লতার ফাঁকে ঝুলছে ঝিঙে। পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকার একটি কৃষিজমি থেকে তোলা।
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












