অপারেশনের জন্য অপেক্ষা দিনের পর দিন
, ০১ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
অস্ত্রোপচারের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু অস্ত্রোপচারের সিরিয়াল পেতেই অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। কোনো কোনো রোগীকে অপেক্ষা করতে হচ্ছে এক মাস পর্যন্ত। এতে একদিকে বাড়ছে রোগীদের শারীরিক কষ্ট, অন্যদিকে দীর্ঘ হচ্ছে চিকিৎসার ভোগান্তি। হাসপাতালটিতে অপারেশন থিয়েটার (ওটি) সংকটের পাশাপাশি প্রয়োজনীয় জনবলের অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে অর্থোপেডিক ও নিউরোসার্জারি বিভাগে অস্ত্রোপচারের অপেক্ষমাণ রোগীর চাপ বেশি। সময়মতো অপারেশন না হওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা।
জানা গেছে, উত্তরাঞ্চলের অন্যতম প্রধান এই চিকিৎসাকেন্দ্রে প্রতিদিন রাজশাহীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। প্রতি মাসে গড়ে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার রোগীর অস্ত্রোপচার করা হয়। কিন্তু রোগীর তুলনায় ওটি, শয্যা ও প্রয়োজনীয় জনবলের সীমাবদ্ধতায় অস্ত্রোপচারের দীর্ঘ অপেক্ষা কমানো যাচ্ছে না।
নিউরোসার্জারি বিভাগে ভর্তি রোগী শামসুদ্দিনের ক্ষেত্রেও একই পরিস্থিতি। অপারেশনের প্রয়োজন হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। কিন্তু ভর্তি হলেও অপারেশনের সিরিয়াল পাননি। শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে প্রতিদিন অপেক্ষা করছেন অপারেশনের আশায়। কবে অপারেশন হবে, সে অনিশ্চয়তা তাকে ও তার স্বজনদের দুশ্চিন্তায় ফেলেছে।
শুধু শামসুদ্দিন নন, একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে অনেক রোগীকে। কারও কয়েক দিন, আবার কারও অপেক্ষা দীর্ঘ হচ্ছে কয়েক সপ্তাহে। বিশেষ করে হাড়ের জটিলতা ও মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
হাসপাতালের অর্থোপেডিক ও নিউরোসার্জারি বিভাগে এই চাপ বেশি। এসব বিভাগের অনেক রোগীর ক্ষেত্রে অস্ত্রোপচার চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ। ফলে দীর্ঘ অপেক্ষায় রোগীর শারীরিক কষ্টের পাশাপাশি চিকিৎসা নিয়েও তৈরি হচ্ছে অনিশ্চয়তা। দূরদূরান্ত থেকে আসা রোগীদের স্বজনদের বাড়তি থাকা-খাওয়ার খরচ বহন করতে হচ্ছে। আর্থিক সংকটে পড়ায় অনেকে আরও বিপাকে পড়ছেন।
রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পর দ্রুত অস্ত্রোপচারের আশা করলেও বাস্তবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। নির্ধারিত সময়ে অপারেশন না হওয়ায় রোগীর কষ্ট বাড়ছে। দীর্ঘ
অপেক্ষার মধ্যে রোগীর অবস্থার অবনতি এবং মৃত্যুর ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। তবে চিকিৎসকদের মতে, ওটি সংকটের পেছনে একাধিক কারণ রয়েছে। ওটির সীমাবদ্ধতার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক ও জনবলের অভাবও বড় সমস্যা। বিদ্যমান শয্যার তুলনায় রোগীর চাপ কয়েক গুণ বেশি হওয়ায় চিকিৎসাসেবা পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট বিভাগগুলোকে।
রামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আফরোজা নাজনীন আশা বলেন, অপারেশন থিয়েটারের স্বল্পতার পাশাপাশি প্রয়োজনীয় জনবলের অভাবও পরিস্থিতিকে জটিল করে তুলছে। রোগীর চাপের তুলনায় বিদ্যমান সুযোগ-সুবিধা পর্যাপ্ত না হওয়ায় সেবা দিতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।
অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আলমগীর হোসেনও অস্ত্রোপচার কার্যক্রমে চাপের বিষয়টি তুলে ধরেছেন। বিশেষায়িত বিভাগগুলোতে রোগীর সংখ্যা বেশি হওয়ায় অপারেশনের জন্য অপেক্ষমাণ রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, সক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী আসে। শয্যা ছাড়াও মেঝেতে বহু রোগী থাকেন। আমাদের সবাইকে চিকিৎসা বা প্রয়োজনে অপারেশন করতে হয়। এতে সিরিয়াল দিতে লম্বা সময় লাগে। তাছাড়া ৫ টেবিলের একটি ওটিতে অর্থপেডিক বিভাগ ও বার্ন বিভাগ ভাগভাগি করে অপারেশন করে। সপ্তাহে ৪ দিন অর্থপেডিক আর ২ দিন বার্ন বিভাগের অপারেশন হয়। ফলে চাপ বাড়ছে।
তিনি আরও জানান, অস্ত্রোপচারের ক্ষেত্রে অ্যানেসথেসিওলজিস্ট বা অবশকারী চিকিৎসকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেশনের আগে রোগীকে অ্যানেসথেসিয়া দেওয়া এবং অস্ত্রোপচার চলাকালে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন তারা। কিন্তু প্রয়োজনের তুলনায় এই বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট থাকলে সব অপারেশন পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করা সম্ভব হয় না।
রামেক হাসপাতালের মুখপাত্র অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ বলেন, অ্যানেসথেসিওলজিস্টের সংকট ওটি জটের অন্যতম কারণ। প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অস্ত্রোপচার কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। ফলে রোগীদের অপেক্ষার সময় কমানো কঠিন হয়ে পড়ছে।
চিকিৎসক নেতারা বলছেন, শুধু একটি হাসপাতালের সক্ষমতা বাড়িয়ে উত্তরাঞ্চলের বিপুলসংখ্যক রোগীর চাপ দীর্ঘমেয়াদে সামাল দেওয়া কঠিন। এজন্য বিভাগীয় পর্যায়ে চিকিৎসাসেবার অবকাঠামো সম্প্রসারণ এবং নতুন হাসপাতাল চালু করা প্রয়োজন। এতে বিশেষায়িত চিকিৎসার সুযোগ বাড়বে এবং রামেক হাসপাতালের ওপর নির্ভরশীলতা কমবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিষ্টির দোকানে ক্রেতার খরা, হতাশ ব্যবসায়ীরা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পলায়ন ও অসদাচরণের ঘটনায় চাকরি গেল ৭ পুলিশ কর্মকর্তার
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন ল্যাবের সন্ধান
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ছেলেপেলে পাঠাতে হলে ১ কোটি দিতে হবে’, হুমকি দিয়ে গ্রেপ্তার
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সংবিধানের ধারাবাহিকতা ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল’
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় উগ্র হিন্দুত্ববাদীদের বাংলাদেশ মিশন ঘেরাও করে ঔদ্ধত্বপূর্ণ দাবি!
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভয়ে গোপালগঞ্জে পথসভা করবে না জামাত -রাশেদ খাঁন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শূন্যপাস প্রতিষ্ঠান একীভূত করা হতে পারে -শিক্ষামন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন আজ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা দূর করতে পরিকল্পিত কর্মসূচি নিতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের ভরিতে এক লাফেই কমলো সাড়ে ৫ হাজার টাকা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












