নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পর ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে আসেন ভারতে। তবে সেই সময় থেকেই আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ভারতে পালিয়ে এসেছে। তবে পালিয়ে আসাদের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী থেকে শুরু করে বহু সিনিয়র নেতা কলকাতায় আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গত অক্টোবরেই তথ্য প্রকাশ হয়েছিল যে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দলবলসহ নিউটাউনের ইকো পার্কে ঘোরাফেরা করছেন। তার সঙ্গে ছিলো এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল, হাজি সেলিমের এক ছেলে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শিলং দিয়ে ভারতে প্রবেশ করে পরিচিতদের ব্যবস্থাপনায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় এসে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি নিউটাউনের যে বিলাসবহুল সঞ্চিতা আবাসন থেকে সিলেট আওয়ামী লীগের চার শীর্ষস্থানীয় নেতাকে মেঘালয় পুলিশ সেখানকার একটি মারপিটের ঘটনায় গ্রেপ্তার করে সেই আবাসনেই সে সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রিসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। দুজনেই গত চার মাস ধরে কলকাতাতেই রয়েছে।
সিলেটের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠুও কলকাতায় রয়েছে বলে জানা গেছে।
এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনার আত্মীয় মাদারীপুর-১ আসনের সাবেক এমপি নূর ই আলম চৌধুরী লিটন কলকাতায় রয়েছে। এছাড়া বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যানও কলকাতায় রয়েছে। সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যানও রয়েছে কলকাতায়।
তবে কতজন আওয়ামী লীগ নেতা কলকাতায় রয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পুলিশের কাছে নেই। তবে পুলিশ নজর রাখছে রাজারহাট-নিউটাউনের ফ্ল্যাটে আসা নতুন অতিথিদের ওপর।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।