সামাজিক অবক্ষয়:
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
, ০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অনলাইন জুয়া; বরং এর বিস্তার দিনদিন বাড়ছে। অনলাইন জুয়া নিয়ন্ত্রণ হয় এমন অন্তত আটটি হাব বা অঞ্চল রয়েছে সারা দেশে। এসব হাব থেকে অনলাইন জুয়া পরিচালনা করে এজেন্ট ও সুপার এজেন্টরা। এদের মূল নিয়ন্ত্রক বা মাস্টারমাইন্ডরা থাকছে চীন, রাশিয়া, মালয়েশিয়া ও আরব আমিরাতে।
কিছু প্রবাসী বাংলাদেশি সেখান থেকে ওই সব দেশের নাগরিকদের সঙ্গে মিলে অনলাইন জুয়া পরিচালনা করে। এর মাধ্যমে তারা হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও প্রাথমিক অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, অনলাইন জুয়ার আটটি হাব হলো- মেহেরপুরের মুজিবনগর, নড়াইলের কালিয়া, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কুড়িগ্রামের রৌমারী-ভূরঙ্গামারী, নরসিংদীর মাধবদী, নাটোরের লালপুর, গাজীপুরের টঙ্গী এবং কক্সবাজার সদর।
অনলাইন জুয়া নিয়ে কাজ করেন পুলিশের এমন ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘আসলে কতটি হাব আছে এবং এসব হাবের নিয়ন্ত্রক কারা, সেটা নিয়ে আমাদের কোনো জরিপ বা স্টাডি নেই। আমরা যাদের গ্রেপ্তার করি তারা এজেন্ট, বড়জোর ডিস্ট্রিবিউটর। তাদের সঙ্গে কথা বলে এবং ব্যবহার করা ডিভাইস পরীক্ষা করে দেখতে পেয়েছি, তারা বেশিরভাগ ক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করে। কারণ, টেলিগ্রাম অ্যাপসে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা যায়। তারা চীনা ও রাশিয়ান ভাষায় মেসেজ আদান-প্রদান করে। আমাদের দেশের এজেন্টরা সেগুলো গুগল ট্রান্সলেট করে বুঝে নেয়।’
ওই কর্মকর্তা আরো বলেন, ‘আমরা এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের ধরলেও মূল যে মাস্টারমাইন্ড থাকে, তাদের পর্যন্ত যেতে পারি না। এমনকি এজেন্ট ও ডিস্ট্রিবিউটররাও তাদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারে না।’
সিআইডি জানিয়েছে, বর্তমানে অনলাইন জুয়ার নামে পরিচালিত বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে প্রতিনিয়ত সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। অনেকেই আকর্ষণীয় বিজ্ঞাপন ও সহজে অর্থ উপার্জনের প্রলোভনে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন। এছাড়া অনলাইন জুয়ার মাধ্যমে প্রতিবছর কোটি কোটি টাকা অবৈধ উপায়ে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পাচ্ছে, হুন্ডির মাধ্যমে লেনদেন বৃদ্ধি পাচ্ছে এবং মানি লন্ডারিংয়ের ঘটনা বাড়ছে।
মোনালিসার পৃষ্ঠপোষকতায় হাব মুজিবনগর:
দেশের অন্যতম বড় অনলাইন জুয়ার হাব মেহেরপুরের মুজিবনগর। এটিকে বলা হয় অনলাইন জুয়ার রাজধানী। এই এলাকাটি কীভাবে অনলাইন জুয়ার হাব হয়েছে, সে বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। মুজিবনগর, গাংনী ও মেহেরপুর সদরে অনলাইন বিস্তার করতে মূল পৃষ্ঠপোষকতা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা।
আওয়ামী লীগের সময় অনলাইন জুয়ায় জড়িত সন্দেহে যারা গ্রেপ্তার হতো, তাদের জামিনের তদবির ও ছাড়িয়ে নিতে কাজ করতেন মোনালিসা। তার আশ্রয়ে থেকে অনলাইন জুয়া ছড়াতে কাজ করেন মুজিবনগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমাম হোসেন মিলু, তার ভাতিজা মেহেরপুর ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, মিলুর ঘনিষ্ঠ সহযোগী মইনুদ্দিন ওরফে ময়না ও স্বপন মাহমুদ।
চক্রটি মোনালিসাকে নিয়মিত কমিশন দিতো। তাকে হীরার হারসহ নিয়মিত উপঢৌকন পাঠানোর খবর দিয়েছেন স্থানীয়রা। তার ছত্রছায়ায় দ্রুত জেলায় বিস্তার হয় অনলাইন জুয়ার কারবার। জুলাই বিপ্লবের পর আগের পৃষ্ঠপোষকের স্থলে নতুন পৃষ্ঠপোষক এসেছে বলে স্থানীয়দের দাবি। এখন স্থানীয় কয়েকজন বিএনপি নেতা অনলাইন জুয়ার মূল পৃষ্ঠপোষক।
অনুসন্ধানে আরো জানা গেছে, মুজিবনগরের শিবপুর ও কোমরপুর গ্রামের বিপুলসংখ্যক মানুষ রাশিয়া প্রবাসী। তারাই সেখান থেকে অনলাইন জুয়ার কারবার করতে স্থানীয় তরুণদের প্রলুব্ধ করে। তাদের মাধ্যমে সেখান থেকে নিয়ন্ত্রণ হয় অনলাইন জুয়া।
স্থানীয়রা জানান, ২০১৭ সাল থেকে জুয়ার চ্যানেল পরিচালনা করে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে রাশিয়ায়।
গোয়েন্দা প্রতিবেদনের তথ্যমতে, শুধু মেহেরপুর জেলা থেকে মাসে ২০০ কোটি টাকার লেনদেন হয় অনলাইন জুয়ায়। এই আসরে প্রথম পর্যায়ে কেউ কেউ লাভবান হলেও পরে লোভে পড়ে সহায়-সম্বল খুইয়েছেন বহু মানুষ। অনেক অনলাইন জুয়াড়ি লেনদেন নিয়ে হত্যাকা-ে জড়িয়েছেন।
পুলিশ ও স্পেশাল রেসপন্স টিমের (এসআরবি) অভিযান ও তদন্তে বেশ কয়েকটি স্থান থেকে অনলাইন জুয়া পরিচালনার তথ্য পাওয়া গেছে। নরসিংদীর মাধবদীতেও রয়েছে এজেন্টদের বড় একটি অংশ। এই এলাকাটি অনলাইন জুয়ার অন্যতম হাব। এছাড়া গাজীপুরের টঙ্গী থেকে বিভিন্ন সময় অনলাইন জুয়ার এজেন্ট, সুপার এজেন্ট ও ডিস্ট্রিবিউটর গ্রেপ্তার হয়েছে। কিছু চীনা নাগরিকও এই প্রতারণা চক্রে জড়িত।
নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও মোবাইল ফোনের অ্যাপস ইমো হ্যাকিংয়ের বিশাল চক্র রয়েছে। এই চক্রের বেশকিছু সদস্য বিভিন্ন সময়ে পুলিশ ও এসআরবির অভিযানে গ্রেপ্তার হয়েছে। কক্সবাজারে হোটেল ও বাড়ি ভাড়া করে অনলাইন জুয়া ও স্ক্যাম সাইট পরিচালনা করে চীন ও তাইওয়ানের নাগরিক। তাদের সঙ্গে স্থানীয় এজেন্টরা জড়িত। গত সেপ্টেম্বরে দুটি হোটেলে অভিযান চালিয়ে ১৯৩৮টি আইফোন এবং ৪০টি ল্যাপটপ জব্দ করা হয়। এগুলো দিয়ে তারা অনলাইনে বিভিন্ন ভুয়া আইডি তৈরি করে জুয়া ও আর্থিক জালিয়াতি করতো।
হাবগুলো কীভাবে গড়ে ওঠে জানতে চাইলে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করেন এমন একজন কর্মকর্তা জানান, কোনো এলাকায় একজন অনলাইন জুয়া থেকে টাকা কামানো শুরু করলে তার দেখাদেখি অন্যরা অনলাইন জুয়ায় জড়ায়। তারা প্রথমে খেলতে সেখানে আসে। পরে এজেন্ট ও সুপার এজেন্ট হয়।
অপ্রতিরোধ্য গতিতে বিস্তার:
গত জানুয়ারিতে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সমীক্ষায় বলা হয়েছে, দেশে অনলাইন জুয়া মারাত্মকভাবে বেড়েছে। ৫০ লাখের বেশি নাগরিক অনলাইন জুয়া ও বেটিংয়ে আসক্ত, যাদের ৩৮ শতাংশ তরুণ ও যুবক। অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ২০২৭ সাল নাগাদ অনলাইন জুয়ায় আসক্ত মানুষের সংখ্যা কোটি ছাড়িয়ে যেতে পারে।
সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সমীক্ষা অনুযায়ী, দেশে অনলাইন জুয়ার বাজারের আকার প্রায় ৬২-৬৮ মিলিয়ন ডলার। এই বাজার প্রতিবছর ৪.৭ থেকে ৬.১ শতাংশ হারে বাড়ছে। সিআইডি বলছে, অনলাইন জুয়ায় সম্পৃক্ত ৭৬৩টি ওয়েবসাইট ও অ্যাপ শনাক্ত করে সেগুলো রিমুভ করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অনলাইন জুয়ার ৮৯টি সাইট শনাক্ত করে রিমুভ করার জন্য বিটিআরসিকে অনুরোধ করা হয়েছে। বিটিআরসি ইতোমধ্যে অনলাইন জুয়ার ৫৭টি সাইট রিমুভ করেছে। সিআইডির একজন কর্মকর্তা জানান, সাইট রিমুভ করে সাময়িক ফল পাওয়া যায়। কিন্তু মাস্টারমাইন্ডরা প্রযুক্তিতে অত্যন্ত দক্ষ। তারা সামান্য পরিবর্তন করে পুনরায় একই নামে সাইট খোলে। ফলে তাদের প্রতিরোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












