মৌলভীবাজার সংবাদদাতা:
শরতে শীতের আমেজ। চায়ের রাজ্যে কুয়াশার দেখা। মেঘ কেটে গেছে, তাইতো শীতের হালকা আমেজে পাল্টাচ্ছে প্রকৃতির রূপ। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাতভর ছিলো হালকা থেকে মাঝারি কুয়াশা। সকালে দিগন্ত জুড়ে নেমেছে কুয়াশার চাদর। প্রকৃতির নিয়মেই কমতে শুরু করেছে তাপমাত্রাও।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক অফিস সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে মৌলভীবাজারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.১ ডিগ্রি থেকে ২৩.২ ডিগ্রী সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা কমে যাওয়ায় ধীরে শীত নামছে। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.২ ডিগ্রী সেলসিয়াস। ১৫ অক্টোবর থেকে চায়ের সবুজ প্রকৃতিতে শীতের আমেজ শুরু হয়।
বিকেল থেকে উত্তরে হালকা হিমেল বাতাস বহে নিয়ে আসে শীতের পরশ। সন্ধ্যার পর থেকে কুয়াশা নামতে শুরু করে। রাত বাড়ার সাথে কুয়াশাও বাড়তে থাকে। সকালের প্রকৃতি ছিল কুয়াশার চাদরে ঢাকা। গাছের পাতায় শিশির বিন্দু জমতে দেখা যায়। বেলা বাড়লেও কচি ধানের ডগায় জমে রয়েছে শিশির বিন্দু।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, ১৫ অক্টোবর থেকে শীতের আমেজ শুরু হলে ধীরে তাপমাত্রা কমতে শুরু করে। এর মধ্যে সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় আবহাওয়ার তারতম্য ঘটে যায়। তবে তাপমাত্রা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাপমাত্রা রের্কড করা হয়েছে ২৩.২ ডিগ্রী সেলসিয়াস।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।