রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
, ০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
বাইরে থেকে যাকে মনে হয় সচ্ছল জীবনের হাতছানি, ফ্রন্টলাইনে পৌঁছানোর পর সেটাই হয়ে ওঠে জীবন-মৃত্যুর এক ভয়ংকর খেলা। কাজের সন্ধানে বা নিজের ইচ্ছাতেই যারা রাশিয়ায় পা রেখেছিলেন, যুদ্ধক্ষেত্রের নির্মম বাস্তবতায় দাঁড়িয়ে তাদের প্রায় সবাই বলছেন, এটি তাদের জীবনের ‘সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত’।
রুশ ভাষার অবোধ্য চুক্তিপত্র, তিন মাসের বকেয়া বেতন আর ভিনদেশি রণক্ষেত্রে আটকে পড়া বাংলাদেশি তরুণ রাজন হোসাইন বর্ণনা করেছেন যুদ্ধক্ষেত্রের ভেতরের চিত্র। যুদ্ধে এক বাংলাদেশি তরুণের মৃত্যু ও অপরজনের নিখোঁজ হওয়ার কথাও জানান তিনি।
কলম্বিয়া, কিউবা বা জিম্বাবুয়ের নাগরিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা রাজন মন্তব্য করেন, যুদ্ধ কোনো ভিডিওর দৃশ্য নয়, এর বাস্তবতা তার চেয়েও অনেক বেশি ভয়ানক। ঠিক কীভাবে কাজের স্বপ্ন দেখিয়ে বাংলাদেশি তরুণদের ভাড়াটে সৈন্য হিসেবে যুদ্ধের ময়দানে ঠেলে দেওয়া হচ্ছে, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন টাঙ্গাইলের এই তরুণ।
রাজন জানান, শুরুতে কেউই যুদ্ধ করতে বাংলাদেশ ছাড়েননি। বিভিন্ন প্রক্রিয়া ও ভিসার মাধ্যমে মূলত অন্য কাজের উদ্দেশ্যেই রাশিয়ায় আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। নির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও পরিচিতজন ও বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে বেশকিছু তরুণ এই প্রক্রিয়ায় রাশিয়া গেছেন। সবার আসার পথ এক ছিলো না। কেউ পরিচিতদের মাধ্যমে, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেখে আবার কেউ দালাল বা মধ্যস্থতাকারীর মাধ্যমে এসেছেন।
রাজন বলেন, আমি নিজের ইচ্ছাতেই রাশিয়ায় এসেছিলাম। পরে পরিস্থিতির শিকার হয়ে যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ি। এই সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিলো। সবচেয়ে বড় বিপদ তৈরি হয়েছিলো নথিপত্র নিয়ে। আমি যে কাগজপত্রে স্বাক্ষর করেছি, সেগুলোর সবকিছু রুশ ভাষায় থাকায় ভাষাগত সমস্যা তৈরি হয়। সব শর্ত পুরোপুরি বুঝে নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। বিদেশিদের কেউ চুক্তিতে স্বাক্ষর করার আগে নিজের ভাষায় অনুবাদ বুঝে নেওয়া যে কতটা জরুরি, তা এখানে এসে বুঝেছি।
তিনি বলেন, সামরিক পরিবেশে রুশ ভাষা না জানলে যোগাযোগ করা অসম্ভব হয়ে পড়ে। প্রশিক্ষণের সময়ও অন্যের সাহায্য নিয়ে অনেক কিছু বুঝতে হয়েছে। সময়মতো কিছু বেতন পেলেও বর্তমানে আমার তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এই টাকা পরে পাবো কিনা, তা নিয়ে এখনো নিশ্চিত নই। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও এখন পর্যন্ত এর পরিষ্কার কোনো সমাধান পাইনি।
এই তরুণ আরো বলেন, বাইরে থেকে যুদ্ধের ভিডিও দেখা আর বাস্তবে যুদ্ধের মধ্যে থাকা-দুটি এক জিনিস নয়। বাস্তবে প্রতিটি মুহূর্তে অনিশ্চয়তা ও জীবনের ঝুঁকি থাকে। এখানে এসে আমি বুঝেছি, যুদ্ধ কোনো ভিডিওর দৃশ্য নয়। এর বাস্তবতা অনেক বেশি কঠিন।
প্রতিদিন নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা, পরিবারের কথা মনে পড়া এবং কখন কী হবে-সেই অজানা আতঙ্কই যুদ্ধের সবচেয়ে কঠিন দিক। আমি এখানে কলম্বিয়া, ইন্দোনেশিয়া, পেরু, জিম্বাবুয়ে, শাদ, কিউবাসহ কয়েকটি দেশের মানুষকে দেখেছি। সবার আসার কারণ বা পরিস্থিতি এক নয়। দেশ, ভাষা ও সংস্কৃতি আলাদা হলেও মানুষের ভয়, কষ্ট ও পরিবারের জন্য চিন্তা প্রায় সবারই এক।
বাংলাদেশি ‘ভাড়াটে যোদ্ধাদের’ পরিণতি:
তিনি বলেন, রণক্ষেত্রে নেমে অনেকেরই মর্মান্তিক পরিণতি দেখেছি, শুনেছি। পরিচিতদের মধ্যে সিলেটের আবু সালেহ নিখোঁজ হয়েছেন এবং বিক্রমপুরের আহমেদ সাকিব মারা গেছেন। আরো অনেকে নিখোঁজ বা হতাহত হয়েছেন।
যুদ্ধক্ষেত্র ছেড়ে আসার ব্যাপারে তিনি বলেন, বাস্তবে এখান থেকে ফিরে আসা এত সহজ নয়। চুক্তি, সামরিক নিয়ম, কাগজপত্র এবং পরিস্থিতির কারণে ফিরে আসার বিষয়টি অত্যন্ত জটিল। সবচেয়ে বড় কথা, এ ধরনের পরিস্থিতিতে আইনগত বা কূটনৈতিক সহায়তা পাওয়া যায় না। কারণ, চুক্তিপত্রে নিজের ইচ্ছায় ও জেনেশুনে যুদ্ধে আসার বিষয়টি উল্লেখ থাকে। ফলে এই ফাঁদে আটকে যাওয়ার পর দূতাবাসেরও কিছু করার থাকে না।
তিনি বলেন, যুদ্ধে আসার সিদ্ধান্তটি ছিলো মারাত্মক ভুল। একই সঙ্গে এমন অনেক মানুষও আছেন, যারা ভিন্ন প্রতিশ্রুতি, ভুল তথ্য বা প্রতারণার কারণে এসে কঠিন পরিস্থিতিতে পড়েছেন।
রাজনের বাবা-মা ও ভাই থাকেন টাঙ্গাইলে। তার ভাই রাজিব হোসাইন বলেন, আমরা তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, একবার চুক্তিতে স্বাক্ষর করার পর আর ফিরে আসা সম্ভব নয়। তাকে নিয়ে আমরা মারাত্মক দুশ্চিন্তায় আছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের অস্ত্র এখন মাছ ধরার জাল
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, চরম সতর্কতায় সাড়ে ৩ কোটি অধিবাসী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












