রাজশাহী সংবাদদাতা:
চলতি আমন মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও পরে অতিবর্ষণের ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয়ে ছিলেন কৃষকরা। কিন্তু সব শঙ্কা ছাপিয়ে মহান আল্লাহপাক উনার অপার রহমত মুবারকে এবার রাজশাহী জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে বাজারে ধানের দামও ভালো। এতে খুশি চাষি।
বরেন্দ্র অঞ্চলের মাঠজুড়ে দলবদ্ধভাবে এখন ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। কেউ ধান কেটে জমি খালি করছেন, আবার কেউ মাড়াই শেষে ধান বস্তায় ভরে বাড়িতে তুলছেন। বাম্পার ফলনের আনন্দে কৃষকরা নতুন স্বপ্ন বুনছেন। কৃষকদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। কারণ বাজারে এখন নতুন আমন ধানের মণ ১৩০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। মৌসুমের শুরুতে বাজারে ধানের ভালো দাম পাচ্ছেন তারা।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন আবাদ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বাম্পার ফলন হয়েছেও। এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।
রাজশাহীর পবা উপজেলার কৃষক বারিউল হক বলেন, এবার আমন ধানের ফলন খুবই ভালো হয়েছে। মৌসুমের শুরুতে আবহাওয়া নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত বাম্পার ফলন পেয়েছি। আমার তিন বিঘা জমিতে ধান চাষ করেছি, আর প্রত্যেক বিঘায় ২০ মণের বেশি ফলন হয়েছে। ধানের দামও ভালো পাওয়া যাচ্ছে। আশা করছি, এবার খরচ তোলার পর হাতে ভালো পরিমাণ টাকা থাকবে। এই ফলন আমাদের পরিবারের জন্য অনেক স্বস্তি এনে দিয়েছে।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে ছালমা বলেন, এখন পর্যন্ত ২০ শতাংশের বেশি জমির ধান কাটা হয়েছে এবং ফলন ভালো হচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হওয়ায় আশা করছি যে এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। কৃষকরাও খুশি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।