২ জেলেকে গুলির ঘটনায় বিজিপিকে বিজিবির প্রতিবাদ
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজার টেকনাফে মিয়ানমারের একটি জাহাজ বঙ্গোপসাগরে যাওয়ার সময় নাফ নদীতে বাংলাদেশি জেলেদের ওপর গুলিবর্ষণের ঘটনায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপিকে প্রতিবাদ লিপি পাঠিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এ প্রতিবাদলিপি পাঠানো হয় বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বাংলাদেশি জেলে বঙ্গোপসাগরে মৎস্য আহরণ শেষে রোববার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ জেটিতে যাচ্ছিলো। কিন্তু শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ৩ কি. মি. দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরের মোহনায় মিয়ানমারের একটি জাহাজ বঙ্গোপসাগরে যাওয়ার সময় জাহাজে অবস্থানরত বিজিপি কর্তৃক বাংলাদেশি জেলেদের ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাংলাদেশি দুইজন জেলে গুলিবিদ্ধ হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে সোমবার প্রতিপক্ষ বিজিপির ১ নম্বর ব্যাটালিয়নের অধিনায়কের বরাবরে প্রতিবাদ লিপি প্রেরণ করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে বঙ্গোপসাগর ও নাফনদীর মোহনাস্থ নাইকংদিয়া এলাকায় এই গুলি বষর্ণের ঘটনা ঘটে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।